২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে বিমান হামলা, পাঠানো হচ্ছে সেনা ও ট্যাংক

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোতে প্রচণ্ড বিমান হামলা চলছে। বুধবার ৩ টি জঙ্গি আস্তানায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। পাঠানো হচ্ছে আরও সেনা ও ট্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

পেশাওয়ার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোতে প্রচণ্ড বিমান হামলা চলছে। বুধবার ৩ টি জঙ্গি আস্তানায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। পাঠানো হচ্ছে আরও সেনা ও ট্যাংক। সরকার বলছে, ৫ অক্টোবর থেকে বড় বড় ৪ টি বোমা হামলাসহ দেশের বেশির ভাগ জঙ্গি হামলার পরিকল্পনাই হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্ত এলাকা থেকে। এ সমস্ত হামলায় ১ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ খালিদ খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "প্রচণ্ড বোমা হামলা চলছে। জঙ্গিদের তিনটি আস্তানায় বোমা ফেলা হয়েছে।" হতাহতের সংখ্যা সম্পর্কে খান কিছু জানাতে পারেননি। তবে ওই অঞ্চলের গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, অন্ততপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। এলাকার বাসিন্দারা বলেছে, ওই এলাকায় আরও সেনা পাঠানো হচ্ছে। সাংকাই গ্রামের বাসিন্দা সৈয়দ ওয়ালি বলেন, "আমরা গতকাল থেকেই বহু ট্যাংক আসতে দেখছি। কয়েকটি ট্যাংক সেনাশিবিরে গেছে আর কয়েকটি পার্বত্যাঞ্চলে মোতায়েন হয়েছে।" পাকিস্তান সরকার গত জুনে সেনাবাহিনীকে দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিবিরোধী অভিযান শুরুর নির্দেশ দেয়। তখন থেকেই ওই অঞ্চলে বিমান ও গোলা হামলা চলছে। সরকার সেখানে স্থল হামলা আসন্ন বললেও সেনাবাহিনী এখনও এ হামলা শুরুর সময় নির্ধারণ করেনি। ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা বলেছেন, "আমরা স্থল অবিযানের জন্য প্রস্তুত। প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখন শুধু এগিয়ে যাওয়ার সবুজ সঙ্কেত পাওয়া বাকি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.