স্টকহোম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার অর্থনীতিবিদ এলিনর অস্ট্রোম ও অলিভার উইলিয়ামসন। অর্থনীতির পরিচালন প্রক্রিয়া নিয়ে গবেষণায় অবদান রাখার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার পুরস্কার প্রদান কমিটি এ ঘোষণা দেয়।
'দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স' বলেছে, সাধারণের সম্পত্তি কীভাবে ব্যবহারিক সংঘের মাধ্যমে যথাযথ ব্যবহার করা যায় তা দেখানোর জন্য অস্ট্রোমকে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সিন্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তীব্র মতবিরোধের বিষয় নিয়ে তত্ত্ব হাজির করার জন্য উইলিয়ামসনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। তারা ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১৪ লাখ মার্কিন ডলার) পাবেন।
এক বিবৃতিতে কমিটি বলেছে, "গত তিন দশক ধরে লেখালেখির মাধ্যমে এ দুজন অর্থনীতির পরিচালন প্রক্রিয়ার গবেষণাটিকে গৌণক্ষেত্র থেকে বিজ্ঞানের মূল-মনোযোগের সারিতে নিয়ে এসেছেন।"
ডিনামাইটের আবিষ্কারক ও ধনপতি আলফ্রেড নোবেলের দান করা অর্থে ১৯০১ সালে কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার প্রচলনের সময় অর্থনীতি অন্তর্ভুক্ত ছিল না। ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৬ ঘ.
bdnews24