ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সেনাবাহিনীতে সমকামীদের বিরুদ্ধে বৈষম্যের অবসান ঘটানোর অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃস্থানীয় মার্কিন সিনেট ডেমোক্র্যাট কার্ল লেভিন। তবে তিনি বলেন, পেন্টাগনের সমর্থন নিয়েই ওবামার একাজ করা উচিত।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান লেভিন বলেন, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা সেনাবাহিনী ইতোমধ্যেই এ ধরনের বৈষম্যের অবসান ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রও তা করলে বড় ধরনের অগ্রগতি হবে।
তবে লেভিন বলেন, "কাজটি সঠিক পন্থায় করতে হবে। আর তা হল মার্কিন সেনাবাহিনীর সমর্থন নেওয়া। যেটি এখন সম্ভব বলে আমি মনে করি।"এনবিসি টেলিভিশনের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে লেভিন এ মন্তব্য করেন।
সেনাবাহিনীর চাকরিতে সমকামীদের ওপর থেকে বাধা নিষেধ তুলে নেওয়ার ওবামার অঙ্গীকারের একদিন পর লেভিন ওই মন্তব্য করলেন।
ওবামা রোববার সেনাবাহিনীতে সমকামীদের 'ডোন্ট আসক, ডোন্ট টেল' নীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেন। এ নীতির আওতায় সেনাবাহিনীতে সমকামীতা গোপন রাখা এবং এ সমকামীতার ব্যাপারে কাউকে কোনও কিছু জিজ্ঞেস করা নিষিদ্ধ ছিল। এ নীতি তুলে নিলে সমকামীরা প্রকাশ্যে সেনাবাহিনীতে কাজ করতে পারবে।
সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ সেনাবাহিনীতে নৈতিকতা এবং নিয়মানুবর্তিতা ক্ষুন্ন করবে। কিন্তু অন্য অনেকেই এই সমালোচনা প্রত্যাখ্যান করে বর্তমান নীতি অন্যায্য বলে মত দিয়েছে।
ওদিকে, রোববার সমকামীদের অধিকার আদায়ের দাবিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল এবং হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৮ ঘ.
bdnews24