ওয়াশিংটন, অক্টোবর, ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চাকরিতে সমকামীদের ওপর থেকে বাধা-নিষেধ উঠিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সমকামীদের অধিকার আদায়ের দাবিতে রোববার ওয়াশিংটনে পরিকল্পিত একটি বিক্ষোভ মিছিলের আগে সমকামী সমর্থকদের কাছে ওবামা ওই অঙ্গীকার করেন। সেইসঙ্গে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে লড়ে যাওয়ারও প্রতিশ্র"তি দেন তিনি।
সমকামীদের পক্ষে সোচ্চার দল 'হিউম্যান রাইটস ক্যাম্পেইন' আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ওবামা বলেন, 'ডোন্ট আসক, ডোন্ট টেল' নীতির অবসান ঘটুক। এটি আপনাদের কাছে আমার প্রতিজ্ঞা।
ওবামার উল্লিখিত ওই নীতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে সমকামীদের প্রকাশ্যে কাজ করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অঙ্গীকার করে ওবামা সমকামীদের মধ্যে সমর্থন বাড়ানোরই চেষ্টা নিয়েছেন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানের সময় সমকামীরা ওবামাকে জোরালো সমর্থন দিয়েছে।
ওবামা খুব শিগগিরিই প্রতিশ্র"তি রক্ষা করছেন না বলে অনেক সমকামীই তাকে নিয়ে হতাশ। বিশেষ করে 'ডোন্ট আসক, ডোন্ট টেল' নীতি বদলে ফেলা এবং সমকামী বিবাহ স্বীকৃতিদান বিরোধী আইন বাতিলে ওবামার ধীরগতি নিয়ে।
ওবামা বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো এবং অর্থনৈতিক সঙ্কটের দিকে মনোনিবেশ করায় ওই সমস্ত ইস্যুতে সময় লেগে যাচ্ছে। তবে তিনি সমকামী নারী ও পুরুষদের বৃহত্তর অধিকারের বিষয়টিকে সমর্থন দিয়ে এই ইস্যু যাতে থিতিয়ে না পড়ে সে ব্যাপারে সচেষ্ট থাকার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ ঘ.
bdnews24