২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সেনা সদরদপ্তরে হামলা, নিহত ১০

সেনা পোশাক পরে সন্দেহভাজন জঙ্গিরা শনিবার রাওয়ালাপিণ্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা চালায়। এতে পাহারায় থাকা ছয় সেনা ও চার জঙ্গি নিহত হয়েছে। সেনা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাওয়ালপিণ্ডি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনা পোশাক পরে সন্দেহভাজন জঙ্গিরা শনিবার রাওয়ালাপিণ্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা চালায়। এতে পাহারায় থাকা ছয় সেনা ও চার জঙ্গি নিহত হয়েছে। সেনা কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা একটি সাদা গাড়িতে করে সদরদপ্তরের প্রধান গেইটে আসে। পরিচয় জিজ্ঞাসার মুখে তারা গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি চালানো শুরু করে। বন্দুকধারীরা প্রায় ৪০ মিনিট ধরে সেনাদের সঙ্গে গুলি বিনিময় করে। সেনা কর্মকর্তারা বলেছেন, সেনাদের গুলিতে ৪ বন্দুকধারী নিহত হলেও দুজন পালিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন, "দুই সন্ত্রাসী এখনো নিখোঁজ। তাদের ধরার জন্য অভিযান চলছে।" আরেক সেনা কর্মকর্তা বলেছেন, "দুই বন্দুকধারীকে খুঁজে বের করতে হেলিকপ্টার সাহায্য করছে। আরও গুলির শব্দও শোনা গেছে।" ডন টেলিভিশন জানিয়েছে, পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা দুজনকে জিম্মি করে নিয়ে গেছে। এর আগে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস জিও টেলিভিশনকে বলেছেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে...সব বন্দুকধারীকেই খতম করা হয়েছে।" তিনি 'দুনিয়া' টেলিভিশনকে বলেন, "আমাদের রক্ষীদের হতাহতের সঠিক হিসাব এই মুহূর্তে আমি দিতে পারছি না। তবে প্রথম চেকপোস্টে চার সেনা শহীদ হয়েছেন।" একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "সেনা পোশাক পরে তারা সদরদপ্তরের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়; থামতে বলা হলে তারা একটি গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। এর আগে একজন কর্মকর্তা জানান, "নিরাপত্তা কর্মকর্তারা একটি সাদা সুজুকি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গাড়িটিতে বিস্ফোরক রয়েছে। সেনারা সেটিকে ধাওয়া করেছে।" একজন প্রত্যক্ষদর্শী জানান, সৈন্যরা সদরদপ্তর অভিমুখী সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানী তালেবানদের শক্তঘাঁটিতে জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এ হামলার ঘটনা ঘটল। আগের দিন পেশাওয়ারে সন্দেহভাজন জঙ্গিদের গাড়িবোমা হামলায় ৪৯ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৯ ঘ.