পোর্ট-অ্যা-প্রিন্স, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হাইতিতে শুক্রবার এক নিয়মিত টহলের সময় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে শান্তিরক্ষী ও ত্র" সহ ১১ জন নিহত হয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা একথা জানিয়েছেন।
জাতিসংঘের উদ্ধারকারী দল জানিয়েছে, ডমিনিকান রিপাবলিকের সীমান্তবর্তী ফন্ডস-ভেরেত্তেস শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। চেসা- ২১২ বিমানটির ১১ আরোহীর কেউই বেঁচে নেই।
জাতিসংঘের মুখপাত্র ভেন্নিয়া মায়েসট্রাসি জানিয়েছেন, নিহত শান্তিরক্ষীরা উরুগুয়ে ও জর্ডানের।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, "গানথিয়ের দক্ষিণাঞ্চলে হাইতি মিশনের একটি বিমান ১১ জন আরোহীসহ বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ শোকপ্রকাশ করছে।"
এতে আরও বলা হয়েছে, "পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নিয়মিত টহলে ছিল।"
২০০৪ সাল থেকে হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়েছে। এর আওতায় পুলিশ ও সেনাসহ প্রায় ৯ হাজার শান্তিরক্ষী কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৫ ঘ.
bdnews24