২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়ংইয়ং পুরনো পরমাণু কেন্দ্রটি চালুর দ্বারপ্রান্তে নেই: সউল

উত্তর কোরিয়া একটি পুরনো পরমাণু কেন্দ্র পুনরায় চালু করার দ্বারপ্রান্তে রয়েছে এমন কোনো ইঙ্গিত নেই বলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। উত্তর কোরিয়া ওই কেন্দ্রটি শিগগিরই চালু করতে যাচ্ছে বলে প্রকাশিত এক প্রতিবেদনকে নাকচ করে দেয় তার এ বক্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

সউল, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া একটি পুরনো পরমাণু কেন্দ্র পুনরায় চালু করার দ্বারপ্রান্তে রয়েছে এমন কোনো ইঙ্গিত নেই বলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। উত্তর কোরিয়া ওই কেন্দ্রটি শিগগিরই চালু করতে যাচ্ছে বলে প্রকাশিত এক প্রতিবেদনকে নাকচ করে দেয় তার এ বক্তব্য। দক্ষিণ কোরিয়ার সরকারি এক সূত্রের বরাত দিয়ে দেশটির ইউনহাপ সংবাদ সংস্থা মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র পুনরায় চালু করার শেষধাপে করছে এবং এটি পুরোদমে কাজ শুরু করলে এখান থেকে বছরে একটি পরমাণু বোমার উপকরণ তৈরি সম্ভব হবে। উত্তর কোরিয়া ইয়ংবিয়নে পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পরমাণু চুল্লিটি পুনরায় চালু করছে কিনা এ বিষয়ে যানতে চাওয়া হলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইউ মিউয়ং-হুয়ান বলেন, "আমার যতদূর জানি উত্তর কোরিয়া এখনও সে পর্যায়ে যায়নি।" ২০০৭ সালে উত্তর কোরিয়া সোভিয়েত আমলের পরমাণু স্থাপনাটি বাদ দিয়ে প্লুটোনাম পৃথককরণের একটি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। সংবাদ সংস্থাটি জানায়, এ বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া প্লুটোনাম পৃথককরণের জন্য ওই কেন্দ্রটির অংশবিশেষ পুনরায় চালু করেছে। ওদিকে কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় ফেরার বিষয়ে মঙ্গলবার ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া। ইউ জানান, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরলেও মে মাসে পরমাণু পরীক্ষা চালানোর দায়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তিনি বলেন, "এটা শুধু দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের বিষয় না যে উত্তর কোরিয়া আলোচনায় ফিরলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর সঙ্গে চীন, জাপান এবং রাশিয়াও রয়েছে।" ওদিকে, উত্তর কোরিয়া সফরে যাওয়া চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে দেশটির নেতা কিম জং-ইল জানিয়েছেন ,তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথমে আলোচনা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩২০ ঘ.