মুম্বাই, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত আধুনিকতা ও বিত্তবৈভবের দিকে অগ্রসর হলেও সারাবিশ্বের কনে সাজার এক তৃতীয়াংশের বেশি ঘটে দেশটিতে। ইউনিসেফ এর এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার প্রকাশ করা প্রতিবেদনটিকে বলা হয়েছে, ২০০৭ সালে ভারতে প্রায় আড়াই কোটি মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছরের মধ্যে। এতে এ বিষয়টিও উঠে আসে যে, ভারত, নেপাল ও পাকিস্তানে এখনো হয়তো ১০ বছরে পা না দিতেই অনেক মেয়ের বাগদান কিংবা বিয়েই হয়ে যাচ্ছে।
রিপোর্টে আরও জানানো হয়, বিশ্বে লাখ লাখ শিশু ক্ষতিকর পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছে কিংবা বাড়িতে বা বাড়ির বাইরে সহিংসতার মুখোমুখি হচ্ছে; ব্যাপকভাবে শারীরিক ও মনস্তাত্ত্বিক আঘাতের শিকার হচ্ছে এবং কখনো কখনো এসব ক্ষতি আর তাদের কাটিয়ে ওঠা সম্ভব হয় না।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান ভেনেমান বলেছেন, "একটি সমাজের কনিষ্ঠ সদস্যদের যদি অপরিণত বয়সে বিয়ে করতে বাধ্য করা হয়, যৌনকর্মী হওয়ার মতো নির্যাতন চলে বা তাদের মৌলিক অধিকারগুলো অগ্রাহ্য করা হয় তবে সে সমাজ এগুতে পারে না।"
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার হার বৃদ্ধি এবং শিশুবিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও সনাতনী ও ধর্মীয় রীতিনীতি মেনে এখনো ভারত, নেপাল ও পাকিস্তানে বাল্যবিবাহ চলছে।
বিশ্বে বাল্যবিবাহের অর্ধেকেরও বেশি ঘটে দক্ষিণ এশিয়ায়। আর এই ভূ-ভাগেই নিবন্ধনহীন জন্মের সংখ্যা বিশ্বের অর্ধেকের বেশি। এতে রাষ্ট্রের দায়দায়িত্বের বাইরে থেকে যাচ্ছে এ শিশুরা, স্কুলে যাওয়ার বা মৌলিক স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের।
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এই সময়ে আফগানিস্তানে জন্ম নেওয়া শিশুদের মাত্র ৬ শতাংশের নিবন্ধন করা হয়, বাংলাদেশে করা হয় হয় ১০ শতাংশের। তুলনায় ভারতে করা হয় ৪১ এবং ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে করা হয়েছে ৭৩ শতাংশ শিশুর।
এছাড়া, দক্ষিণ এশিয়ার শিশুদের ১৩ শতাংশ অর্থাৎ ৪৪ মিলিয়নই শ্রম বেচতে বাধ্য হচ্ছে। আর এর অর্ধেক শিশুই ভারতের।
এ অঞ্চলের শিশুরা বিদ্রোহ ও অস্থিশীলতার এবং প্রাকৃতিক দুর্যোগেরও মারাত্মক শিকার। বিশেষ করে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের অতীত বা চলমান সংঘাতে শিশুদের রক্ষাব্যবস্থা বেশিরভাগক্ষেত্রে ভেঙে পড়ায় হুমকির কবলে পড়েছে তারা।
শ্রম, পতিতাবৃত্তি অথবা গৃহকর্মের জন্য শিশুপাচারও ব্যাপকভাবে ঘটছে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতসহ এই অঞ্চলে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও এটা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24