স্টকহোম, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিকিৎসাবিজ্ঞানে ২০০৯ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। ক্রোমজম কীভাবে নিজেকে প্রতিস্থাপনের মাধ্যমে কোষের ক্ষয় সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হয় তা আবিষ্কার করার তাদের এই সম্মানে ভূষিত করা হল। পুরস্কার প্রদানকারী সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার একথা জানিয়েছে।
বিজ্ঞানীত্রয়ী হলেন- অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী এলিজাবেথ ব্ল্যাকবার্ন, ব্রিটেনে জন্মগ্রহণকারী জ্যাক সোজোস্টাক ও ক্যারন গ্রেইডার। তারা পুরস্কারের অর্থ- ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৪২ মিলিয়ন ডলার) ভাগাভাগি করে নেবেন।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বলেছে, এই তিনজন "জীববিজ্ঞানের একটি বড় সমস্যার সমাধান করেছেন।"
কোষ বিভাজনের সময় ক্রোমজম কীভাবে পুরোপুরি প্রতিস্থাপিত হয় এবং কোষের ক্ষয় সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হয়- এই আবিষ্কার করেছেন তারা।
রীতি অনুযায়ী প্রতিবছর প্রথমে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। ডিনামাইট আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের দান করা অর্থে ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৮ ঘ.
bdnews24