ব্যাংকক, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বে বসবাসের সবচেয়ে সেরা জায়গা নরওয়ে। আর সবচেয়ে খারাপ নাইজার। সোমবার জাতিসংঘের প্রকাশিত তথ্যে এমনটি দেখা গেছে।
বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের আগে সংগৃহীত উপাত্তে দেখা গেছে, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং আইসল্যান্ডে জনগণের জীবনযাত্রামান সবচেয়ে ভালো। অন্যদিকে, মানব উন্নয়নের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে আছে নাইজার, আফগানিস্তান এবং সিয়েরা লিওন।
২০০৭ সালের মাথাপিছু জিডিপি, শিক্ষা এবং গড় আয়ু সম্পর্কিত তথ্য দিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ ইনডেক্স তৈরি করা হয়েছে। এতে উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের মধ্যে সুস্পষ্ট পার্থক্য দেখা গেছে।
ইউএনডিপি এক বিবৃতিতে বলেছে, "সময়ের পরিক্রমায় উল্লেখযোগ্য কিছু উন্নয়ন হলেও অগ্রগতি সমানভাবে হয়নি।"
ইনডেক্সে বলা হয়েছে, নাইজারে মানুষের গড় আয়ু ৫০ বছর। নরওয়ের তুলনায় এ আয়ু প্রায় ৩০ বছর কম।
নাইজারে প্রতিটি মানুষের এক ডলার আয়ের অনুপাতে নরওয়ের মানুষের আয় ৮৫ ডলার।
ইনডেক্সে আরও দেখা গেছে, মানব উন্নয়নের হার মাঝারি পর্যায়ে থাকা ২০ শতাংশ দেশের তুলনায় বিশ্বের সবচেয়ে দরিদ্র ২৪ টি দেশের জনসংখ্যার অর্ধেকই অশিক্ষিত।
জাপানে লোকজনের গড় আয়ু অন্যান্য দেশের চেয়ে বেশি। ৮২ দশমিক ৭ বছর। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গড় আয়ু ৪৩ দশমিক ৬ বছর।
আর সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর বাস ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয়। সেখানে লোকজনের মাথাপিছু আয় বছরে ২৯৮ ডলার।
৫ দেশ চীন, ভেনেজুয়েলা, পেরু, কলোম্বিয়া এবং ফ্রান্সের অবস্থান রয়েছে তিন থেকে পরবর্তী পর্যায়ে। এ দেশগুলো আগের বছরের তুলনায় ভালো অবস্থানে উঠে এসেছে। শিক্ষার উন্নয়নের কারণে ভালো অবস্থানে রয়েছে চীন, কলোম্বিয়া ও ভেনেজুয়েলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৮ ঘ.
bdnews24