ওয়াশিংটন, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার আসন্ন কোনও ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার একথা বলেছেন। আল কায়দার উপস্থিতিও অনেকখানি কমে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস সিএনএন কে বলেন, "আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জন্য ভালো খবর হচ্ছে সেখানে আল কায়েদার উপস্থিতি খুবই কমে এসেছে।"
জোনস বলেন, "এর পরবর্তী ধাপ হচ্ছে পাকিস্তান সীমান্তের আশ্রয়স্থলগুলো। তবে আমি তালেবানদের পুনরুত্থানের কোনও সম্ভাবনা দেখছি না এবং খুব স্পষ্ট করেই বলতে চাই যে, আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার আসন্ন কোনও ঝুঁকি নেই।"
সেনাবাহিনী বলেছে, "একবছরেরও বেশি সময় পর রোববারের ভয়াবহ লড়াইয়ে আফগানিস্তানে ৮ মার্কিন সেনা নিহত হয়েছে।"
আফগানিস্তানে ৮ বছরের যুদ্ধে মার্কিন সেনা বাড়ানো হবে নাকি বিকল্প কোনও পথ নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈদেশিক নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টাদের ধারাবাহিক বৈঠক আয়োজনের প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টার মধ্যে আফগানিস্তানে ৮ সেনা নিহতের ওই ঘটনা ঘটল।
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল স্ট্যানলে ম্যাক্রিস্টাল গত সপ্তাহে এক বক্তব্যে আফগানিস্তান পরিস্থিতি মারাত্মক উল্লেখ করেছেন। জোনস এর বক্তব্য এর বিপরীতে গেছে।
ম্যাকক্রিস্টাল গত সপ্তাহে বলেন, আফগানিস্তানে বিদ্রোহী তৎপরতা বাড়ছে। তিনি এ পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৪০ হাজার সেনা ও প্রশিক্ষক চান। কিন্তু জেমস জোনস সিবিএস প্রোগ্রাম 'ফেস দ্য নেশন' এ বলেছেন, "ম্যাকক্রিস্টাল তার মতামত জানিয়েছেন। আফগানিস্তান যুদ্ধ কৌশলে নিজের ভূমিকা বিবেচনায় তার যা মনে হয়েছে সেটিই বলেছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৭ ঘ.
bdnews24