ওয়াশিংটন, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, পাকিস্তানের তালেবানদের নতুন ঘোষিত নেতা হাকিমুল্লাহ মেহসুদ সম্ভবত কয়েক সপ্তাহ আগে উপদলীয় বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন কর্মকর্তারা একথা বলেছেন।
সিআইএ পরিচালিত ড্রোন বিমান থেকে ৫ আগস্ট ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আগের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে হাকিমুল্লাহর নাম ঘোষণা করেছিল জঙ্গিরা।
হাকিমুল্লাহর মৃত্যুর সংবাদ মার্কিন কর্মকর্তারা এখনো পুরোপুরি নিশ্চিত না করলেও প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, "সে যে মৃত সে ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত।"
আরও কয়েকজন কর্মকর্তা গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে নাম না প্রকাশের শর্তে বলেছেন, হাকিমুল্লাহ দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে বিশ্বাস করা হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে তার মৃত্যুসংক্রান্ত তথ্যাবলী যাচাই করে দেখছে।
'তালেবান মুভমেন্ট অব পাকিস্তান' নামে ১৩টি জঙ্গি গোষ্ঠীর একটি জোটের নেতৃত্ব দিতেন বায়তুল্লাহ মেহসুদ। পাকিস্তানে অনেকগুলো বোমা হামলা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার জন্য তাকে দায়ী করা হয়ে থাকে।
হাকিমুল্লাহকে তার চেয়েও আগ্রাসী হিসেবে মনে করা হচ্ছিল।
ওয়াশিংটনের বিশ্বাস, মেহসুদের মৃত্যুর পর নেতৃত্বের দাবি নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে পাকিস্তানের তালেবানরা দুর্বল হয়ে পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০১ ঘ.
bdnews24