ম্যানিলা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের ওপর আঘাত হানতে যাওয়া টাইফুন পারমা পথ বদলানোয় খুব বেশি ধ্বংসাত্মক হবে না বলে আশা করা হচ্ছে। শনিবারের শেষ দিকে দ্বীপপুঞ্জটির উত্তরপ্রান্তে ছোবল মেরে সেটি সরে যাবে। কর্মকর্তারা একথা বলেছেন।
পারমা ফিলিপাইনের মূল দ্বীপ লুজন থেকে ১২গ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত থাকার পর ঘণ্টা ১৭ মাইল বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির প্রভাবে দ্বীপরাষ্ট্রটির পূর্বভাগের সাগরে প্রবল বৃষ্টি ও বাতাস বইছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।
ফিলিপাইনে বন্যায় ৩০০ মানুষের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই দেশটির ওপর আঘাত হানতে শুক্রবার ফুঁসে ওঠে 'সুপার টাইফুন' পারমা। এটি ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ ইসাবেলায় আঘাত করবে বলে প্রথমে আশঙ্কা করা হয়েছিল।
শুক্রবার উত্তরপূর্বাঞ্চলীয় দ্বীপ কেতানদুয়ানেস থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থানের পর আরও শক্তি সঞ্চয় করে ঝড়টি অগ্রসর হচ্ছিল। এর প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয় লুজনে। ধীরে ধীরে এটি গতিপথ বদলানোয় আরও ধবংসযজ্ঞ থেকে রক্ষা পেতে যাচ্ছে দেশটি।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কয়েক দিন ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে। এর মধ্যে কেৎসেনা নামের একটি টাইফুন ফিলিপাইন, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ায় ৪০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ শ' ছাড়িয়েছে। আমেরিকান ও পশ্চিম সামোয়াতে সুনামির আঘাতে প্রাণ হারিয়েছে প্রায় দেড়শ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২৭ ঘ.
bdnews24