নয়াদিল্লি, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন কাশ্মীরের অধিবাসীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করায় প্রতিবাদ জানিয়েছে ভারত। সীমান্ত নিয়ে কমস্তরে হলেও বিরোধে জড়ানো এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে নতুন সমস্যার ইঙ্গিত দিচ্ছে এ ঘটনা।
স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, "এটা আমাদের যথাবিহিত দৃষ্টিভঙ্গি ও অবস্থান যে, ভারতীয় নাগরিকদের ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জাতিসত্তা বা বসবাসের এলাকারভিত্তিতে কোনোরকম পার্থক্য করা যাবে না।"
ওই পত্রিকাটিতে লেখা হয়, নয়াদিল্লির চীনা দূতাবাস কাশ্মীরের অধিবাসীদের পাসপোর্টে ভিসা না দিয়ে আলাদা একটি কাগজে দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ব্যাপারে 'সুবিবেচিত' উদ্বেগ চীন সরকারকে জানিয়েছে।
চীন কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের আগে ভারত-চীনের মধ্যে নতুন করে এই বিরোধ সৃষ্টি হল। দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়লেও বিশেষ করে অরুণাচল নিয়ে অবিশ্বাস এখনো বিদ্যমান। অরুণাচলের একটি অংশ নিজের দাবি করে আসছে চীন এবং অংশত ওই দাবির জেরে ১৯৬২ সালে দু' দেশের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু রক্তাক্ত যুদ্ধ সংঘটিত হয়।
চীনের কাছে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচিত দালাই লামা নভেম্বরে প্রদেশটিতে যাচ্ছেন। বেজিং ইতিমধ্যেই এই সফরের প্রতিবাদ জানিয়েছে।
অন্যদিকে কাশ্মীর ভারতের অংশ নয় বলে সামান্যতম ইঙ্গিতেও নয়াদিল্লির গাত্রদাহ শুরু হয়। দু'দশক ধরে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করছে নয়াদিল্লি এবং এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ভূ-খণ্ডটি নিয়ে পরমাণু শক্তিধর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেও রয়েছে উত্তেজনা।
ভারত পুরো কাশ্মীর নিজের বলে দাবি করলেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিমালয়ের অঞ্চলটি পাকিস্তান ও চীনের সঙ্গে ভাগাভাগি করে শাসন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৪ ঘ.
bdnews24