বেজিং, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে কমিউনিস্ট শাসনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বেজিংয়ে জমকালো সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দেশটির অগ্রসরমানতার প্রদর্শনী করা হয়। তিয়েনআনমেন চত্বরে সেনারা তালে তালে হাঁসের মতো পা ফেলে অগ্রসর হয়, টেনে নিয়ে যাওয়া পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী শকট।
১৯৪৯ সালে ১ অক্টোবর জন্ম হয় গণপ্রজাতন্ত্রী চীনের। মাও সে তুং সূচনা করেন কমিউনিস্ট শাসনের। দিনটি উপলক্ষে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধিত অগ্রগতির নিদর্শন হিসেবে তিয়েনআনমেন স্কোয়ারে আমন্ত্রিত অতিথিদের সামনে উচ্চ-প্রযুক্তির সামরিক সাজ-সরঞ্জামের চোখ ধাঁধানো প্রদর্শনী হয়।
সকালে সেনারা তোপধ্বনি করে উৎসবের সূচনা করে। লাল জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কোয়ারের 'গেট অব হেভেনলি পিস' এর প্রান্তে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করেন প্রেসিডেন্ট হুয়া জিনতাও। তার পরনে ছিল ঐতিহ্যবাহী 'মাও' স্যুট।
একসময়ে তিনি মঞ্চ থেকে নেমে কালো লিমোজিনে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সারিবদ্ধ সেনাদের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বার বার বলতে থাকেন, "হ্যালো কমরেডস, কষ্টসহিষ্ণু কমরেডস।"
পরে তিনি সেনা ও অতিথিদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, "এখানেই চেয়ারম্যান মাও গম্ভীর কণ্ঠে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই মাথা তুলে দাঁড়িয়েছিল চীনারা।"
তিনি বলেন, "আজ সমাজতান্ত্রিক চীন দৃঢ়তা ও শ্রদ্ধার সঙ্গে আধুনিকতা, বিশ্ব ও ভবিষ্যতকে আলিঙ্গন করেছে।"
কুচকাওয়াজে অংশ নেয় ৮০ হাজার নিপুণ সুসজ্জিত সেনা, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র, ৬০টি সাজানো যান এবং এক লাখ নিবিড় প্রশিক্ষণপ্রাপ্ত বেসামরিক লোক। অনেক চীনার কাছেই এই প্রদর্শনী ছিল গর্বের বিষয়, টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ অবলোকন করে এই অনুষ্ঠান।
দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ২৫ বছরের ব্যবসায়ী কুই চেংজি বলেন, "আজ আমি আমদের সামরিক বাহিনীকে দেখে গর্ব বোধ করছি। দেখুন, আমরা জাতি হিসেবে দিন দিন শক্তিশালী হয়ে উঠছি।"
একদল সেনা ঠিক হাঁসের ভঙ্গিতে, মিনিটে ১১৬ বার কদম ফেলে তিয়েনআনমেন চত্বর পার হয়। তারা এই বার্তাই ছড়িয়ে দিতে চাইছিল যে, কমিউনিস্ট পার্টি জানে কীভাবে একটি বিশাল ও অস্থিতিশীল দেশ পরিচালনা করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/
bdnews24