২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির ৬ বছরের জেল

১৯৯০-২০০০ সালের শাসনামলে আইনপ্রণেতা ও প্রকাশকদের ঘুষ দেওয়াসহ বিরোধীদের ফোনে আড়িপাতার দায়ে বুধবার পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে লিমার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

লিমা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৯০-২০০০ সালের শাসনামলে আইনপ্রণেতা ও প্রকাশকদের ঘুষ দেওয়াসহ বিরোধীদের ফোনে আড়িপাতার দায়ে বুধবার পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে লিমার একটি আদালত। ৭১ বছর বয়স্ক ফুজিমোরি মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের জন্য ইতোমধ্যেই ২৫ বছরের জেল খাটছেন। প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা না পেলে তার বাকী জীবনটা জেলেই কেটে যাবে। সোমবার ফুজিমোরি আদালতে অবৈধভাবে ফোনে আড়িপাতার এবং লোকজনকে ঘুষ দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। এর আগে তিনটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন এবং তার কারাদণ্ড হয়। নিরাপত্তা বাহিনীকে হত্যা ও অপহরণের নির্দেশ দেওয়ার অভিযোগে এ বছর এপ্রিলে তার ২৫ বছরের জেল হয়। ১৫ মিলিয়ন ডলারের রাষ্ট্রীয় তহবিল তছরুপ করার অভিযোগে জুলাইয়ে আবারও সাড়ে ৭ বছরের জেল হয় ফুজিমোরির। ২০০৭ সালে ক্ষমতার অপব্যবহারের আরও কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ফুজিমোরি ৬ বছরের জেল খাটছেন। চতুর্থ ও সর্বশেষ মামলায় তিনি দোষ স্বীকার করলেন। কৌঁসুলিরা বলছেন, ফুজিমোরি পার্টির প্রতি জনসমর্থন বাড়াতে এবং গণমাধ্যমে সরকারের অনুকূল কভারেজ পাওয়ার জন্য কংগ্রেস ও গণমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের ঘুষ দিয়েছেন। সেইসঙ্গে বিরোধীদলীয় রাজনীতিবিদসহ ব্যবসায়ী ও সাংবাদিকদের ফোনেও তিনি আড়ি পেতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৬ ঘ.