২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সমস্যা সমাধানে সব পথ খোলা আছে: যুক্তরাষ্ট্র

ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আলাপ-আলোচনা থেকে শুরু করে সামরিক পদক্ষেপ, সব পথই খোলো আছে বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আলাপ-আলোচনা থেকে শুরু করে সামরিক পদক্ষেপ, সব পথই খোলো আছে বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। ইরান বিষয়ক নীতি নতুন করে পর্যালোচনা করে দেখছে ওবামা প্রশাসন। তবে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কঠোর অবস্থান থেকে তারা সরে এসেছে। বুশ প্রশাসন ইরানকে 'শয়তানের অক্ষ' হিসেবে আখ্যায়িত করেছিল। ওবামা জানিয়েছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকেই তিনি গুরুত্ব দিবেন। তবে আলোনার ক্ষেত্রে কোনো পূর্বশর্ত থাকবে না। ওবামার মুখপাত্র রবার্ট গিবস বলেন, "ইরানের বিষয়ে আমাদের স্বার্থ অক্ষুন্ন রাখতে আমরা আমাদের সব পন্থাই প্রয়োগ করব। এর মধ্যে হতে পারে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় যেমনটি বলেছেন, কূটনৈতিক উপায়কেই তিনি গুরুত্ব দেবেন।" তবে প্রয়োজন হলে ওবামা সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবেন কি-না জানতে চাইলে গিবস বলেন, "ইরান বিষয়ে প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গী পরিবর্তন করেননি। তিনি জানিয়ে রেখেছেন, যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা তার আছে।" ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা গত বৃহস্পতিবার জানিয়েছে, দু'দেশের সম্পর্কের বরফ গলাতে এবং সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করতে ইরানকে চিঠি দিচ্ছে ওবামা প্রশাসন। চিঠির খসড়া তৈরি করছেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্র বিভাগ চিঠিটির খসড়া তৈরির কাজ করছে। নির্বাচিত হওয়ার পর ওবামাকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যে চিঠি দিয়েছিলেন তার জবাবে এই চিঠি দেওয়া হবে। চিঠিতে আশ্বস্ত করা হবে, ওয়াশিংটন ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায় না। কিন্তু তেহরানের আচরণে পরিবর্তন চায়। গার্ডিয়ান জানিয়েছে, ইরানের জনগণকে উদ্দেশ্য করেই এ চিঠি লেখা হবে এবং ইরানের সর্বোচ্চ আধ্যাতিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে অথবা খোলাচিঠি হিসেবেই তা পাঠানো হবে। ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা ইরানিয়ানদের উদ্দেশ্যে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ইরানের ব্যাপারে মার্কিন নীতি পর্যালোচনাধীন রয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "কোনো নির্দিষ্ট নীতির পক্ষে কোনো সিদ্ধান্ত এখনো পররাষ্ট্র বিভাগ নেয়নি।" জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সোমবার জানান, ইরানের পরমাণু কর্মসূচিকে কূটনৈতিক তৎপরতার অন্যতম শীর্ষ এজেন্ডা হিসেবে বিবেচনায় নিয়ে সংকট নিরসনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির বিরুদ্ধে চতুর্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের সদ্যবিদায়ী বুশ প্রশাসন। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত ওই আলোচনা স্থগিত করে রেখেছিল। ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্য পশ্চিমা শক্তিগুলো। কিন্তু ইরান বরাবরই বলে আসছে তার কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তা কেবল জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই পরিচালিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.