ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে শিগগিরই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমবারের মতো শীর্ষ সামরিক কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্র দুটি সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার পর বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা একথা বলেছেন।
পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এবং জয়েন্ট চিফস অফ স্টাফদের সঙ্গে দু'ঘন্টাব্যাপী বৈঠকের পর ওবামা বলেন, "ইরাক এবং আফগানিস্তান নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে...এবং তা যতোটা সম্ভব দ্রুত।"
ওদিকে, হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানে মার্কিন কৌশলের সার্বিক পুনর্মূল্যায়নসহ "গুরুত্বপূর্ণ অ-সামরিক পদক্ষেপের" নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পেন্টাগনে এটাই বারাক ওবামার এ ধরনের প্রথম বৈঠক।
পেন্টাগনের মুখপাত্র জিওফ মোরেল বৈঠকের সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাপী নানা পরিস্থিতি এবং আমরা যেসব হুমকি মোকাবেলা করছি কিংবা পৃথিবীজুড়ে যে হুমকি রয়েছে সেসব নিয়ে খুবই বিশদ আলোচনা হয়েছে ওই বৈঠকে।"
তিনি জানান, "এ সমস্ত বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রেসিডেন্টের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন চিফরা। প্রেসিডেন্ট গভীরভাবে এসব পর্যবেক্ষণ করেছেন এবং তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।"
কয়েকদিন আগে পররাষ্ট্র দপ্তরে ওবামার সফরের সঙ্গে তুলনা করলে পেন্টাগনে তার এ সফর ছিল অপেক্ষাকৃত কম গুরুত্বের। সম্ভবত সামরিক পন্থার চেয়ে কূটনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রেসিডেন্ট ওবামার নীতির প্রতিফলন হতে পারে এটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24