লস অ্যাঞ্জেলেস, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আলোচিত মিউজিক ভিডিও 'থ্রিলার'-এর পরিচালক জন ল্যান্ডিস তার লাভের অংশ চেয়ে সম্প্রতি সাবেক পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করেছেন।
ফিল্ম মেকার জন ল্যান্ডিস লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে গত ২১ জানুয়ারি এ মামলা করলেও খবরটি এতদিন প্রকাশ করা হয়নি।
ব্রডওয়ের এক প্রযোজকের 'থ্রিলার' ভিডিও মঞ্চায়নের স্বত্ত কেনার দাবি করার পাশাপাশি এ ঘটনা ঘটলো।
জন ল্যান্ডিস জ্যাকসনের ১৯৮৩ সালের সুপারহিট মিউজিক ভিডিও 'থ্রিলার' এর সহ-রচয়িতা ও পরিচালক।
১৯৮৩ সালে বাজারে আসা ১৪ মিনিটের ওই ভিডিওতে একদল ভৌতিক চরিত্র ও জ্যাকসনকে দেখানো হয়। এটি বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্যতম আলোচিত মিউজিক ভিডিও। ল্যান্ডিস 'থ্রিলার' তৈরির কাহিনী নিয়ে একটি প্রামাণ্য চিত্রও তৈরি করেছেন।
'অ্যান আমেরিকান ওয়্যারউল্ফ ইন লন্ডন' ও 'ব্লুজ ব্রাদারস' চলচ্চিত্রের পরিচালক ল্যান্ডিস তার মামলায় বলেছেন, অন্তত গত চার বছর ধরে তিনি জ্যাকসনের অধুনালুপ্ত কোম্পানি অপটিমাম প্রোডাকশন্স থেকে লাভের অংশ পাননি।
২০০৫ সালে শিশু যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে 'পতিত তারকা' মাইকেল জ্যাকসন নিভৃত জীবন যাপন করছেন। গত বছর তিনেক লাস ভেগাস, আয়ারল্যান্ড ও দুবাইতে কাটানোর পর বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসের একটি বিলাসবহুল বাড়া বাড়িতে থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৩১৫ঘ.
bdnews24