ব্যাংকক, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছেছে আরও রোহিঙ্গা অভিবাসী এবং সেনাবাহিনীর পরিবর্তে পুলিশ তাদের আটক করছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেনং জেলা পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ভিরাসিল্প কাওয়ানসেঙ জানিয়েছেন, নৌবাহিনী তাদের হাতে আটক ৭৮ রোহিঙ্গাকে হস্তান্তর করেছে।
সেনাবাহিনী প্রায় এক হাজার রোহিঙ্গাকে সাগর থেকে ফিরিয়ে দিয়েছে বলে আন্তর্জাতিক অভিযোগের মুখে নীতি পরিবর্তন নাকি প্রচারণার জন্য টেলিভিশনে এ খবর ফলাও করে প্রচার করা হচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না।
কাওয়ানসেঙ রয়টার্সকে বলেন, "অটক রোহিঙ্গাদের অনেকেই গুরুতর অসুস্থ্য এবং তাদের চিকিৎসা প্রয়োজন। স্থানীয় চিকিৎসকরা তাদের চিকিৎসা করছে।"
তিনি আরও বলেন, "আটক ব্যক্তিদের অনেকের শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে তারা কিভাবে আঘাত পেয়েছে সেটা আমি জানি না।"
অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, ১৮ বছরের কম বয়সী অভিবাসীরা মিয়ানমারেই তাদের চাবুক মেরে আহত করার কথা জানিয়েছে।
একটি রোহিঙ্গা মানবাধিকার গ্র"প জানিয়েছে, গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার অভিবাসীর মধ্যে সাড়ে পাঁচশ জনকে সাগরে ভাসিয়ে দিয়েছে থাই বাহিনী। এদের অনেকেই ডুবে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১ ঘ.
bdnews24