নয়াদিল্লি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে আটকে পড়া প্রায় দুই লাখ ৩০ হাজার বেসামরিক তামিল নাগরিকের নিরাপত্তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার কলোম্বোয় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি।
শ্রীলংকায় তামিলদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে ভারতে চাপের মুখে আছে সরকার। কেননা ভারতের তামিল নাড়ু রাজ্যে প্রায় ছয়কোটি তামিল বসবাস করে এবং শ্রীলংকার তামিলদের সঙ্গে তারা জাতিগতভাবে জড়িত। কাজেই আগামী মে মাসের সাধারণ নির্বাচনের আগে বিষয়টি ভারত সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
কলোম্বোর উদ্দেশ্যে যাত্রার আগে প্রণব মুখার্জি বলেন, "সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। কিন্তু বেসামারিক নাগরিকদের দুর্ভোগের কথা ভেবে আমরা উদ্বিগ্ন। তাদের কিভাবে রক্ষা করা যায় এবং তারা যেন পরিস্থিতির শিকার না হয় সেটা আমরা দেখব।"
'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই'র শেষ শক্ত ঘাঁটি মুল্লাইত্তিভু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহিদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাটুকু ঘিরে রেখে মঙ্গলবার তাদের বিরুদ্ধে লড়াই করছে সেনারা।
সেনাবাহিনী এবং বিদ্রোহী উভয়ই একে অপরের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর হামলা ও হতাহতের ঘটনার অভিযোগ করে আসছে।
মানবাধিকার গ্র"প এবং সরকার অভিযোগ করেছে, এলটিটিই সাধারণ নাগরিকদের আটকে রেখে তাদের যুদ্ধ করতে বাধ্য করছে এবং মানববর্ম হিসেবে কাজে লাগাচ্ছে।
শ্রীলংকায় জাতিসংঘের অফিস থেকে গত সোমবার জানানো হয়েছে, এ সপ্তাহে গোলার আঘাতে বেশ কিছু সাধারণ মানুষ নিহত ও হতাহত হয়েছে। তবে বিদ্রোহী বা সেনা কোন পক্ষ থেকে এই গোলা নিক্ষেপ করা হয়েছে তা নিশ্চিত নয়।
সেনাবাহিনীর প্রবল আক্রমণের মুখে এ মাসের মধ্যেই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা একে একে তিনটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর-পূর্বের সাগর কোলের এক চিলতে জঙ্গলে কোনঠাসা হয়ে পড়েছে। তাদের দখলে থাকা শেষ শহর মুল্লাইত্তিভু রোববার নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী।
সাহায্য সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ছোট হয়ে আসা যুদ্ধাঞ্চলে প্রায় ২ লাখ ৩০ হাজার তামিল শরণার্থী রয়েছে। মুল্লাইত্তিভুতে অবস্থান করা এক সরকারি কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কমপক্ষে ১০০ বেসামরিক লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৭ ঘ.
bdnews24