২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে একসঙ্গে আট সন্তানের জন্ম

একসঙ্গে আটটি সন্তান জন্ম দিয়ে চিকিৎসকদের চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী। আটটি শিশুই ভালো আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

লস এঞ্জেলেস, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একসঙ্গে আটটি সন্তান জন্ম দিয়ে চিকিৎসকদের চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী। আটটি শিশুই ভালো আছে। সোমবার তিনি লস এঞ্জেলেসের শহরতলি বেলফ্লাওয়ারের কাইজার পার্মানেন্ট মেডিকেল সেন্টারে একসঙ্গে আটটি শিশু জন্ম দেন। যুক্তরাষ্ট্রে একসঙ্গে আট সন্তান জন্মদানের এটা দ্বিতীয় ঘটনা। মেডিকেল সেন্টারটির চিকিৎসক কারেন ম্যাপল এক সংবাদ সম্মেলনে জানান, আটটি শিশুর মধ্যে ছয়টি ছেলে ও দুটি মেয়ে। তারা ভাল আছে এবং এখন নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রয়েছে। তিনি জানান, তবে এদের দুইজনকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিতে হচ্ছে। জন্মের নির্ধারিত সময়ের নয় সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে এদের জন্ম দেওয়া হয়েছে। পাঁচ মিনিট পর পর একে একে আটটি সন্তান বের হয়ে আসতে দেখে ৪৬ চিকিৎসকের মেডিকেল বোর্ড চমকে ওঠে। জন্মের সময় এদের ওজন ছিল এক পাউন্ড আট আউন্স থেকে তিন পাউন্ড চার আউন্স পর্যন্ত। তাদেও জন্মের ক্রমানুসারে ইংরেজি বর্ণমালার 'এ' থেকে 'এইচ' পর্যন্ত অক্ষরে চিকিৎসকরা শুরুতে ওদের নাম রাখেন। চিকিৎসকরা ওই নারীর গর্ভে সাতটি শিশু রয়েছে বলে ধারণা করেছিলেন। ম্যাপল বলেন, "'জি' কে পাওয়ার পর আমরা 'এইচ'কে পেয়ে বিস্মিত হয়েছি।" তিনি জানান, প্রথম দিকে একাধিক সন্তানের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না ওই নারী। তবে সব কয়জনকেই বুকের দুধ পান করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও যুক্তরাষ্ট্রের হিউস্টনে ১৯৯৮ সালে একসঙ্গে আটটি সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটে। এর ছয়টি মেয়ে ও দুটি ছেলে। জন্মের এক সপ্তাহ পরেই একটি মেয়ে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৫৮ ঘ.