২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি'তে প্রথম যুদ্ধপরাধের বিচার শুরু হচ্ছে সোমবার

বিশ্বের প্রথম স্থায়ী অপরাধ আদালতে 'আইসিসি' সোমবার প্রথমবারের মতো যুদ্ধপরাধের বিচারকাজ শুরু হচ্ছে। কঙ্গোর মিলিশিয়া নেতা থমাস লুবাঙ্গা'র বিচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে আদালতের কাজ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

দ্য হেগ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের প্রথম স্থায়ী অপরাধ আদালতে 'আইসিসি' সোমবার প্রথমবারের মতো যুদ্ধপরাধের বিচারকাজ শুরু হচ্ছে। কঙ্গোর মিলিশিয়া নেতা থমাস লুবাঙ্গা'র বিচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে আদালতের কাজ । কঙ্গোর ইতুরি অঞ্চলে হেমা এবং লেন্ডু গোত্রের মধ্যে জাতিগত দাঙ্গা এবং খনি ও কর ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে মিলিশিয়া গ্র"পগুলোর মধ্যে সহিংসতায় ১৯৯৯ সালে থেকে ওই অঞ্চলটিতে প্রায় ৬০,০০০ মানুষ প্রাণ হারান। ইতুরি অঞ্চলে যুদ্ধাপরাধের অভিযোগে বিশেষত প্রতিপক্ষের ওপর হামলা এবং হত্যার জন্য ১৫ বছরের কমবয়সী শিশুদের যোদ্ধা হিসেবে নিয়োগের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেখানকার মিলিশিয়া নেতা লুবাঙ্গা। ৪৮ বছর বয়সী লুবাঙ্গা এসব অভিযোগ অস্বীকার করেছেন। 'আইসিসি' বা আন্তর্জাতিক অপরাধ আদালত স্থাপিত হওয়ার প্রায় ছয় বছর পর সেখানে লুবাঙ্গার বিচারকাজ শুরু হচ্ছে। স্থায়ী এ যুদ্ধাপরাধ আদালতের প্রথম বিচারকাজ সম্পর্কে আইসিসির কৌসুলি লুই মরিনো ওকাম্পো বলেন, "প্রথম বিচার মানে হচ্ছে প্রথম বিচারকাজ, তাই আমি মনে করি এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।" ১০৮ টি দেশের সমর্থন নিয়ে গড়ে উঠেছে 'দ্য হেগ' এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। কিন্তু এখনও যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির সমর্থন না পাওয়ায় এর কার্যকারিতা নিয়ে সংশয় রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.