২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের জন্য লড়াই চালিয়ে যাবেন 'নি:সঙ্গ' থাকসিন

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের বর্তমান সরকারের অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেছেন, এটি দীর্ঘমেয়াদী সংকট সমাধানে স্বল্পমেয়াদী পদক্ষেপ মাত্র। একইসঙ্গে থাকসিন বলেন, নি:সঙ্গ হয়ে পড়লেও থাইল্যান্ডের মঙ্গলের জন্য আজীবন লড়াই চালিয়ে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ব্যাংকক, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের বর্তমান সরকারের অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেছেন, এটি দীর্ঘমেয়াদী সংকট সমাধানে স্বল্পমেয়াদী পদক্ষেপ মাত্র। একইসঙ্গে থাকসিন বলেন, নি:সঙ্গ হয়ে পড়লেও থাইল্যান্ডের মঙ্গলের জন্য আজীবন লড়াই চালিয়ে যাবেন তিনি। থাই সরকারের অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা সম্পর্কে থাকসিন বলেন, "এটি অনেকটা লোকজনকে বাড়ির উঠোনের ঘাস কাটার জন্য অর্থ দেওয়ার মতো। লোকজন ঘাস কেটে যাবে এবং পরদিন সেখানে আবারও ঘাস জন্মাবে।" ২০০৬ সালে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থানকালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। পরবর্তীতে থাকসিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়। থাকসিন প্রথমে দেশে ফিরে বিচারের মুখোমুখি হলেও একপর্যায়ে জামিনে দেশের বাইরে যাওয়ার পর আদালতের নির্দেশ অমান্য করে আর দেশে না ফেরার সিদ্ধান্ত নেন এবং নির্বাসিত জীবন বেছে নেন। অর্থনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, "বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এ বছরে আরও বহু লোককে চাকরি হারাতে দেখবে দেশের মানুষ।" থাইল্যান্ডের নতুন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে থাকসিন একথা বলেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "দয়া করে আমাকে খুন করবার জন্য বিদেশে কাউকে পাঠাবেন না। কেননা আমি মরে গেলেও এসব (সমালোচনা) থামবে না।" তিনি বলেন, "আমাকে অবশ্যই ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।" নি:সঙ্গ হয়ে পড়লেও মাতৃভূমির জন্য লড়াই চালিয়ে যাবেন অঙ্গীকার করে তিনি বলেন, "আমি যা চাই তা হল- আমার, আমার পরিবারের এবং দেশের মানুষের জন্য ন্যায়বিচার। আপনারা যদি এর সুরাহা চান, তাহলে আমি যা করতে বলব - তা হল ন্যায়বিচার শুরু করুন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০১ ঘ.