লন্ডন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে ওয়াশিংটন নীতি না বদলানো পর্যন্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঝুঁকির মুখে রয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করে দিয়েছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল ফয়সাল।
সৌদি আরবের গোয়েন্দা প্রধান এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন প্রিন্স তুর্কি আল ফয়সাল ফিনান্সিয়াল টাইমস-এ এক নিবন্ধে লিখেছেন, গাজায় অভিযান চালানোর মধ্য দিয়ে ইসরায়েল "শান্তির সম্ভাবনা শেষ" করে দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। পত্রিকাটির অনলাইন সংষ্করণে শুক্রবার নিবন্ধটি প্রকাশ করা হয়।
সৌদি যুবরাজ লিখেন, "ফিলিস্তিন হত্যা বন্ধ এবং তাদের দুর্দশা লাঘবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন জোরদার কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত শান্তি প্রক্রিয়া, সৌদি-মার্কিন সম্পর্ক এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে রয়ে যাবে।"
গাজায় ইসরায়েলের ২২ দিনের আগ্রাসনে ১,৩০০ শ'রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে, হামাসের রকেট নিক্ষেপ এবং হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ সময়ে ইসরায়েলের ১০ সেনা এবং তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি পালন করছে হামাস ও ইসরায়েল।
প্রিন্স তুর্কি বলেন, "যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বের ভূমিকা ধরে রাখতে এবং এখানে তার কৌশলগত জোট অটুট রাখতে চাইলে -- বিশেষত সৌদি আরবের সঙ্গে 'বিশেষ সম্পর্ক' রক্ষা করতে চাইলে তাকে ইসরায়েল ও ফিলিস্তিন নীতির আমূল পরিবর্তন করতে হবে।"
তিনি আরও জানান, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সৌদি বাদশাহ আবদুল্লাহকে চিঠি লিখে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক 'জিহাদ' শুরুর এবং সৌদি আরবকে তাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, এ ধরনের জিহাদের সিদ্ধান্ত হলে মধ্যপ্রাচ্যে "অকল্পনীয় সংঘাত ছড়িয়ে পড়বে এবং রক্তপাত হবে।"
তিনি লিখেছেন, "সৌদি আরব যতোদূর সম্ভব এসব আহ্বান ঠেকিয়ে রেখেছে। কিন্তু এ ধরনের অসন্তোষ ঠেকিয়ে রাখা দিনকে দিন মুশকিল হয়ে পড়ছে।"
ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার ভাষায় "ইসরায়েলি বর্বরতা"র নিন্দা জানাতে ওবামার প্রতি আহ্বান জানান সৌদি যুবরাজ।
একইসঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স
bdnews24