ওয়াশিংটন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অবিলম্বে ইসরায়েল-ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়া পুনরুজ্জীবিত করার পাশাপাশি গাজায় নড়বড়ে যুদ্ধবিরতি টিকাতে আগামী সপ্তাহে ওই অঞ্চলে মধ্যপ্রাচ্য দূত পাঠানোর পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
পশ্চিমা, আরব ও ইসরায়েলি কূটনীতিকরা বলেছেন, তার দূত সাবেক মার্কিন সিনেটর জর্জ মিচেল মিসর, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের নেতাদের সঙ্গে দেখা করবেন। তবে গাজার হামাস শাসকদের সঙ্গে মধ্যপ্রাচ্য দূতের সরাসরি যোগাযোগের কথা কূটনীতিকরা নাকচ করেছেন।
পশ্চিমা এক কূটনীতিক বলেছেন, মিচেল সম্ভবত সৌদি আরবে যাবেন এবং সিরিয়া এখন তার সফরসূচিতে নেই। এক কূটনীতিক বলেছেন, মধ্যপ্রাচ্য দূত এক সপ্তাহের সফরে যাবেন এবং সিরিয়া নয় বরং সৌদি আরবে যাত্রাবিরতি করবেন বলে মনে করা হচ্ছে।
গাজায় ২২ দিনের হামলার পর অবরোধ পুরোপুরি তুলে নিতে ইসরায়েলের অস্বীকৃতির কারণে অঞ্চলটির পুনর্গঠন এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কায়রোয় চলমান যুদ্ধবিরতি আলোচনা সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, মিসরের মধ্যস্থতা চলতে থাকা পর্যন্ত ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি বহাল রাখবে। তবে নড়বড়ে যুদ্ধবিরতি টিকানোর চেষ্টায় এ পর্যন্ত তেমন কোনও অগ্রগতি হয়নি।
কূটনীতিকরা বলছেন, সময় ফুরিয়ে আসছে। ১০ ফেব্র"য়ারিতে ইসরায়েলের নির্বাচনে ডানপন্থি লিকুদ পার্টি ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই পার্টি যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি প্রক্রিয়ার সমালোচক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৯ ঘ.
bdnews24