২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন ও ফ্রান্সে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন

স্পেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে দুদিনের প্রচণ্ড ঝড়ে চারশিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া ওই ঝড়ে ফ্রান্স ও স্পেনজুড়ে নিহত হয়েছে আরও ১১জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

প্যারিস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- স্পেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে দুদিনের প্রচণ্ড ঝড়ে চারশিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া ওই ঝড়ে ফ্রান্স ও স্পেনজুড়ে নিহত হয়েছে আরও ১১জন। দ্বিতীয় দিনেও প্রচণ্ড ঝড় অব্যাহত থাকায় ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎশূন্য হয়ে পড়েছে, বিমান চলাচল বন্ধ রয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং কোনো কোনো অঞ্চলের রেল চলাচলও বন্ধ রয়েছে। ওদিকে, একইসময়ে স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চলের বনে দাবানল শুরু হয়েছে। ঝড়ের কারণে ছিন্ন বিদ্যুতের তার থেকে এ দাবানল সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটারেরও বেশি। এতে বার্সেলোনার কাছাকাছি একটি শহরে একটি ক্রীড়া কমপ্লেক্সের ছাদ আংশিকভাবে ভেঙে পড়লে চার শিশু নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। বেসবল খেলার জন্য প্রায় ২০-৩০টি শিশু ওই কমপ্লেক্সে জড়ো হয়েছিল। বার্সেলোনার অন্য একটি শহরে দেয়াল চাপা পড়ে মারা গেছেন এক মহিলা। এছাড়া দায়িত্ব পালনের সময় ঝড়ে উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ট্রাফিক পুলিশের। গাছ ও দেয়াল চাপা পড়ে আরও দু'জন মারা গেছে। ঝড়ের ফলে ফ্রান্সে কমপক্ষে ১৭ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে রাস্তাঘাট, রেলওয়ে ও বিমানবন্দর। দুই দেশেই উপদ্রুত এলাকার মানুষজনকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৩৩ ঘ.