২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ইস্যুতে দ্রুত কাজ করা প্রয়োজন: গিলানি

ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে দ্রুত কাজ করা প্রয়োজন পাকিস্তানের। এজন্য অন্য দেশে সহিংসতা চালানো জঙ্গিদের বিচারের আওতায় আনতে আইনের পর্যালোচনা করা দরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 06:48 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

সিঙ্গাপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে দ্রুত কাজ করা প্রয়োজন পাকিস্তানের। এজন্য অন্য দেশে সহিংসতা চালানো জঙ্গিদের বিচারের আওতায় আনতে আইনের পর্যালোচনা করা দরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। (আরও তথ্যসহ) প্রধানমন্ত্রী গিলানি ওই সাক্ষাৎকারে আরও বলেন, আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের দমনে অন্যান্য দেশের কাছ থেকে পাকিস্তানের আরও সহায়তা দরকার। সাক্ষাৎকারটি ফিনান্সিয়াল টাইমস এর অনলাইন সংস্করণে শুক্রবার প্রকাশিত হয়। গিলানি বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের "দ্রুত কাজ করা প্রয়োজন" এবং "কেউ যদি দেশের বাইরে থাকে এবং দোষী প্রমাণিত হয়, তাহলে অবশ্যই (বিচারের জন্য) আমাদের নিজেদের আইনের পর্যালোচনা করা দরকার।" পাকিস্তান জানিয়েছে, কোনো হামলাকারীকে আটক করা গেলেও বিচারের জন্য তাকে ভারতের কাছে হস্তান্তর করবে না তারা। তবে, একইসঙ্গে মুম্বাই হামলার তদন্তে ভারতকে পুরোপুরি সহায়তা করা এবং কোনো অগ্রগতি হলে তা প্রকাশ ও ভারতকে জানানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন গিলানি। গত নভেম্বরে মুম্বাইয়ের দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় দশজন সন্ত্রাসীর একযোগে চালানো হামলায় ১৭৯ নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করেছে ভারত। একইসঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো ওই হামলায় সহায়তা করেছে বলেও অভিযোগ করেছে ভারত। তবে পাকিস্তান তার কোনোপ্রকার রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার কথা বরাবরই অস্বীকার করে আসছে। গিলানি পাক-আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা প্রসঙ্গে বলেন, "আফগানিস্তানে বিশ্বের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করা হচ্ছে এবং সারা বিশ্ব অর্থ যুগিয়ে সেই লড়াইয়ে সহায়তা করছে।" তিনি বলেন, "যখন ওই যুদ্ধ পাকিস্তানে চলে আসছে, তখন বিশ্বের এটা অনুধাবন করা দরকার যে পাকিস্তানের সামর্থ্যও বাড়াতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬১৩ ঘ.