কুয়ালালামপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা শ্রীলংকার লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের খোঁজ করছে।
শ্রীলংকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সারথ ফন্সেকা গত সপ্তাহে জানিয়েছিলেন, সেনাবাহিনী দ্রুত বিদ্রোহিদের সর্বশেষ শক্ত ঘাঁটির দিকে অগ্রসর হওয়ায় প্রভাকরণ সম্ভবত দেশ ছেড়ে পালিয়েছেন।
তবে প্রভাকরণ দেশ ছেড়ে কোথায় আশ্রয় নিতে পারেন সে সম্পর্কে সেনাপ্রধান বিস্তারিত কিছু না জানালেও খবর বেরিয়েছে যে, তিনি মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে যেতে পারেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তা বলেন, "বিমানবন্দর এবং উপকূলে তল্লাশি কেন্দ্রগুলোতে আমরা নিরাপত্তা জোরদার করেছি। প্রভাকরণের বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। কাজেই আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব।"
পুলিশের মহা-পরিদর্শক মুসা হাসান জানিয়েছেন, প্রভাকরণের বিষয়ে তিনি দেশজুড়ে সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, "প্রভাকরণ ইতোমধ্যেই মালয়েশিয়া ঢুকে পড়েছেন কিনা-- নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে আমরা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।"
প্রভাকরণের নেতৃত্বাধীন এলটিটিই ভারত, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ।
শ্রীলংকায় দীর্ঘদিনের তামিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের বিরুদ্ধে সফল সেনা অভিযানের নেতৃত্বদানকারী জেনারেল ফন্সেকা গত সপ্তাহে দাবি করেন, টাইগারদের বিরুদ্ধে বিজয় এখন কয়েক মাসের ব্যাপার মাত্র, যতটা ধারণা করা হয়েছিল টাইগারদের প্রতিরোধ তার থেকে বেশি দুর্বল হয়ে পড়েছে।
ফন্সেকা বলেন, "প্রভাকরণ এমন একজন মানুষ যিনি খেতে পছন্দ করেন এবং পরিবারকেও অনেক ভালবাসেন। কাজেই আমি মনে করি না সেনারা তার কাছাকাছি চলে যাবে আর তিনি বসে থাকবেন।"
তিনি বলেন, "প্রভাকরণ সম্ভবত ইতোমধ্যে শ্রীলংকা ছেড়ে সমুদ্রপথে পালিয়েছেন।" তবে দেশ ছেড়ে তিনি কোথায় যেতে পারেন সে বিষয়ে কিছু বলেননি সেনাপ্রধান।
ফন্সেকা বলেন, "এলটিটিই'র প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রভাকরণ তার অনুসারীদের সায়ানাইড ক্যাপসুলে আত্মহত্যার নির্দেশ দিলেও তিনি নিজে কখনো আত্মহত্যা করবেন না বা ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো ধরাও দেবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24