২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই রাজতন্ত্রকে অপমানের দায়ে অস্ট্রেলীয় লেখকের কারাদণ্ড

থাইল্যান্ডের রাজতন্ত্রকে অপমান করায় এক অস্ট্রেলীয় লেখকের তিন বছরের কারাদন্ড দিয়েছে থাই আদালত। নাম হ্যারি নিকোলেইডস। ২০০৫ সালে লেখা উপন্যাসে রাজতন্ত্রের দেশপ্রেমগত মূল্যবোধের সমালোচনা করায় নিকোলেইডসকে এই সাজা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ব্যাংকক, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- থাইল্যান্ডের রাজতন্ত্রকে অপমান করায় এক অস্ট্রেলীয় লেখকের তিন বছরের কারাদন্ড দিয়েছে থাই আদালত। নাম হ্যারি নিকোলেইডস। ২০০৫ সালে লেখা উপন্যাসে রাজতন্ত্রের দেশপ্রেমগত মূল্যবোধের সমালোচনা করায় নিকোলেইডসকে এই সাজা দেওয়া হয়। নিকোলেইডস রাজপরিবারকে অপমানের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তবে বলেছেন, তিনি সচেতনভাবে এ অপরাধ করেননি। থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমান করা মারাত্মক অপরাধ। থাই জনগণ ৮১ বছর বয়স্ক রাজা ভূমিবল আদুলাদেজকে দেবতাতুল্য বলেই মনে করে। ফলে থাইল্যান্ডের রাজা, রাজপরিবার কিংবা রাজতন্ত্রের অপমানের সাজা ১৫ বছরের জেল পর্যন্ত হতে পারে। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত নিকোলেইডসকে ছয় বছরের কারাদন্ড দিলেও অপরাধের অভিযোগ স্বীকার করে নেওয়ার কারণে তার সাজা কমিয়ে তিন বছর করা হয়। গত আগস্টে থাইল্যান্ড ছাড়ার সময় নিকোলেইডসকে গ্রেপ্তার করা হয়। তার লেখা 'ভেরিসিমিলিটিউড' উপন্যাসটি বিক্রি হয়েছিল মাত্র ৭ কপি। নিকোলেইডস সাংবাদিকদের বলেন, তার উপন্যাসের বিরুদ্ধে পুলিশের কাছে কে অভিযোগ করেছে তা তিনি এখনও জানেন না। তিনি বলেন, "আমার অভিজ্ঞতা আজব দেশে এলিসের মতোই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ ঘ.