২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের বর্ণকে মেলবন্ধনের সুযোগ মনে করছেন ওবামা

নির্বাচনী প্রচারাভিযানের সময় নিজের বর্ণ নিয়ে কথা বলতে না চাইলেও এখন নিজের বর্ণকে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মেলবন্ধনের সুযোগ হিসেবে দেখছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামার শপথ নেওয়ার আগেরদিন সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনী প্রচারাভিযানের সময় নিজের বর্ণ নিয়ে কথা বলতে না চাইলেও এখন নিজের বর্ণকে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মেলবন্ধনের সুযোগ হিসেবে দেখছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামার শপথ নেওয়ার আগেরদিন সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। পত্রিকাটি জানায়, তার বর্ণ পরিচয় কিভাবে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে এবং পাল্টে দিতে পারে সে বিষয়ে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ওবামা। কেনীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ বাবা এবং আরকানসাসের শ্বেতাঙ্গ মায়ের সন্তান বারাক ওবামা আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কিংবা আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হচ্ছেন তিনি। সাক্ষাৎকারে ওবামা বলেন, "নিশ্চিতভাবেই বলা যায় যে, পুরো একটি প্রজন্ম এটা দেখে বড় হবে যে, দেশের সর্বোচ্চ দপ্তরের দায়িত্বে রয়েছেন একজন কৃষ্ণাঙ্গ।" তিনি বলেন, "আমি বলতে চাচ্ছি এটি একটি বৈপ্লবিক বিষয়। এটি কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একইসঙ্গে শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েদের কীভাবে দেখবে তাও বদলে যাবে এতে। আমি এ শক্তিকে ছোট করে দেখতে চাই না।" পত্রিকাটি জানায়, কীভাবে মানুষের মধ্যে পার্থক্য ঘুচিয়ে মেলবন্ধন ঘটানো যায় প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদকালকে তার দৃষ্টান্ত হিসাবে নির্মাণের আশা করেন তিনি। ওবামা বলেন, "যে আপনার মতো নয়, যে আপনার সঙ্গে একমত পোষণ করেন না - তাদের সঙ্গে কাজ করার কায়দা-কানুনের দৃষ্টান্ত স্থাপনের ব্যাপারে আশাবাদী আমি। এটাই আমাদের রাজনীতির মেজাজ পাল্টে দেবে।" তিনি আরও বলেন, "এ পরিবর্তনের একটি দিক হচ্ছে আমরা আন্ত:বর্ণ সম্পর্কের বিষয়টাকে কীভাবে দেখি। আন্ত:বর্ণ সম্পর্ক আমাদের সমাজের একটা বৃহত্তর সমস্যার গোড়ার ইস্যু হয়ে গেছে। কেননা আমাদের সমাজ অনেক বৈচিত্রে ভরা এবং জটিল, যেখানে মানুষের অনেক অনেক দৃষ্টিভঙ্গি রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৬ ঘ.