কলম্বো, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাবাহিনী দ্রুত বিদ্রোহিদের সর্বশেষ শক্ত ঘাঁটির দিকে অগ্রসর হওয়ায় তামিল টাইগার নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ সম্ভবত দেশ ছেড়ে পালিয়েছেন। শ্রীলংকার সেনাপ্রধান লে জেনারেল সারথ ফন্সেকা একথা বলেছেন।
এশিয়ার ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে সফল সেনা অভিযানের নেতৃত্বদানকারী জেনারেল ফন্সেকা দাবি করেছেন, বিদ্রোহিদের বিরুদ্ধে বিজয় এখন কয়েক মাসের ব্যাপার মাত্র, যতটা ধারণা করা হয়েছিল টাইগারদের প্রতিরোধ তার থেকে বেশি দুর্বল হয়ে পড়েছে।
ফন্সেকা শনিবার সাংবাদিকদের বলেন, "প্রভাকরণ এমন একজন মানুষ যিনি খেতে পছন্দ করেন এবং পরিবারকেও অনেক ভালবাসেন। কাজেই আমি মনে করি না সেনারা তার কাছাকাছি চলে যাবে আর তিনি বসে থাকবেন।
তিনি বলেন, "প্রভাকরণ সম্ভবত ইতোমধ্যে শ্রীলংকা ছেড়ে সমুদ্রপথে পালিয়েছেন।" তবে দেশ ছেড়ে তিনি কোথায় যেতে পারেন সে বিষয়ে কিছু বলেননি সেনাপ্রধান।
ফন্সেকা বলেন, "লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রভাকরণ তার অনুসারীদের সায়ানাইড ক্যাপসুলে আত্মহত্যার নির্দেশ দিলেও তিনি নিজে কখনো আত্মহত্যা করবেন না বা ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো ধরাও দেবেন না।"
এখন মাত্র ৩০ কিলোমিটার দৈর্ঘ ও ১৫ কিলোমিটার প্রস্থের একটি এলাকা এলটিটিই'র দখলে আছে এবং সেনারা কয়েক দিনে মুল্লাইতিভুর দিকে ১৭ কিলোমিটার অগ্রসর হয়েছে বলে তিনি জানান।
সেনাপ্রধান বলেন, "যুদ্ধ শুরুর প্রথম দিকে পরিকল্পনার জন্য আমাকে ৫০টি মানচিত্র ব্যবহার করতে হত। আর এখন মাত্র একটি মানচিত্র নিয়েই আমি পরিকল্পনা করছি।"
বিদ্রোহিদের একটি ওয়েব সাইটে শনিবার দাবি করা হয় তারা সেনা বাহিনীর ৫১ সদস্যকে হত্যার করেছে। তবে সেনাবাহিনী জানায়, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মাত্র সাত সেনা নিহত হয়েছে।
এলটিটিই'র গণমাধ্যম বিভাগ জানিয়েছে, শুক্রবার ধর্মপুরাম গ্রামে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিদ্্েরাহীরা সামনে এগিয়ে গেছে। এই যুদ্ধে ৫১ সেনা নিহত ও ১৫০ জন আহত হয়েছে। বিদ্রোহী সমর্থিত তামিলনেট ডটকম ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
সেনাবাহিনী তামিলনেট ডটকমের খবর অস্বীকার করেছে।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, "আমাদের সেনারা ধর্মপুরম গ্রাম অতিক্রম করে গেছে। কাজেই খবরটি সত্য নয়।"
তিনি বলেন, "গতকালের সংঘর্ষে এলটিটিই'র ২১ জন এবং আমাদের পক্ষে সাত সেনা নিহত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24