নয়া দিল্লি, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, মুম্বাই হামলায় অভিযুক্তদের বিচার পাকিস্তানেই হতে পারে। এর মধ্য দিয়ে অভিযুক্তদের নয়া দিল্লির কাছে হস্তান্তরের দাবি থেকে সরে এল ভারত।
গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এ হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করে আসছে ভারত।
অভিযুক্তদের বিচার পাকিস্তানে হলে ভারত তাতে রাজি আছে কিনা- এ প্রশ্নের জবাবে এক টেলিভিশন সাক্ষাৎকারে 'ইন্ডিয়া টুডে' গ্র"পকে প্রণব মুখার্জী বলেন, "হ্যাঁ, তা হতে পারে।"
তিনি বলেন, "পকিস্তান কর্তৃপক্ষের অভিযুক্তদের রেহাই দেওয়া ঠিক হবে না। তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত, তা লোক দেখানো হলে চলবে না। বিচার যথাযথ হতে হবে। সেখানে তাদের আটক করে বিচার করা উচিত।"
মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সরাসরি জড়িত নয় বলে চলতি সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের মন্তব্যের পর প্রণব মুখার্জী একথা বললেন। মিলিব্যান্ড একইসঙ্গে জানিয়েছিলেন, অভিযুক্তদের ভারতের কাছে হস্তান্তরের যে দাবি নয়াদিল্লি করে আসছে তার পেছনে কোনো যুক্তি আছে বলে তিনি মনে করেন না।
তবে প্রণব মুখার্জী একথাও বলেন যে, "অভিযুক্তদের হস্তান্তর করা হয় হলে আমরা খুশি হব।"
তিনি বলেন, "পাকিস্তান যদি তা নাও করে, তাহলে অন্তত অন্য যে সব সন্ত্রাসী এখানে অপরাধ করে পাকিস্তানে আশ্রয় নিচ্ছে তাদের আমাদের কাছে হস্তান্তর করা উচিত।"
মুম্বাই হামলায় অভিযুক্তদের ছাড়াও অন্য ৪০ সন্ত্রাসীকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে এসেছে ভারত।
মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। বন্ধ রয়েছে দু'দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াও।
মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করেছে ভারত। তবে হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে পাকিস্তান সরকার হামলা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তারা জোর দিয়ে এও জানিয়েছে, পাকিস্তানের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24