২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম কমায় চাপে পড়তে পারে ইরান, ভেনেজুয়েলা: সিআইএ

বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় শীর্ষ তেল উত্তোলক ইরান ও ভেনেজুয়েলা অস্থিতিশীলতার হুমকির মুখে পড়তে পারে। তবে স্বার্বভৌম বিনিয়োগের কারণে ধকল সামলিয়ে উঠতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'সিআইএ' পরিচালক মাইকেল হেইডেন বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় শীর্ষ তেল উত্তোলক ইরান ও ভেনেজুয়েলা অস্থিতিশীলতার হুমকির মুখে পড়তে পারে। তবে স্বার্বভৌম বিনিয়োগের কারণে ধকল সামলিয়ে উঠতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'সিআইএ' পরিচালক মাইকেল হেইডেন বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেইডেন বলেন, বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪০ ডলারের ধারে কাছে ওঠানামা করতে থাকায় পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর আরোপিত অবরোধে দেশটি কাবু হয়ে পড়তে পারে এবং ভেনেজুয়েলায় হুগো শ্যাভেজের সরকার নড়বড়ে হয়ে উঠতে পারে। সিআইএর পরিচালক বলেন, ব্যারেলপ্রতি ৪০ ডলার তেলের দামের অর্থ হল ভেনেজুয়েলার 'হাই-সালফার' গ্রেডের তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ ডলারে নেমে আসবে। তিনি বলেন, "এটা ওই শাসকের (শ্যাভেজের) জন্য সত্যিকারের বিপদ - তাই সেখানে খুবই ভঙ্গুর পরিস্থিতি দেখতে পেতে পারেন আপনারা।" তিনি বলেন, "ইরানেও সত্যিকারের চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে -- মূল্যস্ফীতির সঙ্গে তেলের দরপতন যোগ হওয়ায় এবং প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসায় পরিস্থিতি নাজুক হতে পারে।" মাইকেল হেইডেন বলেন, তিনি বিশ্বাস করেন ইরান এমন অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তাদেরকে এ সিদ্ধান্ত নিতে হবে যে, তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে না কি কূটনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে তাদের যে মাশুল গুণতে হচ্ছে সেখান থেকে বোরেনোর উপায় খুঁজবে। তিনি আরও বলেন, অন্যদিকে, রাশিয়া এমন সুচিন্তিতভাবে বিনিয়োগ করেছে এবং তাদের যে পরিমাণ অভ্যন্তরীন সম্পদ আছে তাতে সম্ভবত খুব সহজেই এ ধাক্কা সামলিয়ে উঠতে পারবে তারা। যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ শীর্ষ তেল রপ্তানিকারক দেশ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের মোট তেলের যোগানের শতকরা ১০ ভাগ আসে ভেনেজুয়েলা থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩৫ ঘ.