২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অলৌকিকভাবে বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন ১৫৫ আরোহী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভ্যন্তরীন ফ্লাইটের একটি বিমান দুর্ঘটনা থেকে বৃহস্পতিবার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ১৫৫ আরোহী। বিমানটির ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় নিউ ইয়র্কের হাডসন নদীতে বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট চেজলি সুলেনবার্গার। পানিতে বিমানটির সফল অবতরণের কারণে বেঁচে গেছে আরোহীরা সবাই। আর অসাধারণ এই কুশলতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন পাইলট সুলেনবার্গার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 04:51 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নিউ ইয়র্ক জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভ্যন্তরীন ফ্লাইটের একটি বিমান দুর্ঘটনা থেকে বৃহস্পতিবার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ১৫৫ আরোহী। বিমানটির ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় নিউ ইয়র্কের হাডসন নদীতে বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট চেজলি সুলেনবার্গার। পানিতে বিমানটির সফল অবতরণের কারণে বেঁচে গেছে আরোহীরা সবাই। আর অসাধারণ এই কুশলতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন পাইলট সুলেনবার্গার। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের ঠিক পরপরই সম্ভবত এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। সেসময় বিমানের ইঞ্জিনের ভেতরে একটি পাখি ঢুকে গিয়ে তাতে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউএস এয়ারওয়েজের এ৩২০ বিমানটিতে ১৫০ জন যাত্রী এবং ৫ জন ক্রু ছিল। যাত্রী এবং ক্রুদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানটি নদীতে অবতরণের সঙ্গে সঙ্গে পাইলট আরোহীদের দরজা দিয়ে বেরিয়ে বিমানের ডানায় গিয়ে আশ্রয় নিতে বলেন। পানিতে ভাসতে থাকা বিমানটির ভেতর থেকে যাত্রীরা বেরিয়ে আসতে শুরু করলেই আশপাশ থেকে কয়েকটি ফেরি এবং ওয়াটার স্কুটার তাদের উদ্ধারে এগিয়ে আসে। এর পরপরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে নৌ-পুলিশ। নৌ-পুলিশ ও ডুবুরীরা বিমানটি তল্লাশি চালিয়ে নিশ্চিত হয়েছেন যে, সেখানে আর কেউ নেই। শূন্য বিমানটি ভাসতে ভাসতে এখন হাডসনের এক তীরে গিয়ে ভিড়েছে। ওদিকে, নদীতে বিমানের এমন অভাবনীয় অবতরণ এবং সেখান থেকে যাত্রীদের উদ্ধারের ঘটনায় ব্যস্ত নিউ ইয়র্ক নগরীর অনেক উৎসুক মানুষ ভিড় করে হাডসনের দুই পাড়ে। ভেঙ্গে বা গুঁড়িয়ে না গিয়ে কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই হাডসন নদীতে বিমানটির এ ধরনের বিরল অবতরণের ঘটনায় নিউ ইয়র্কের গভর্নর ডেভিড প্যাটারসন বলেছেন, "হাডসনে একটি দৈবিক ঘটনা ঘটেছে।" বিমানটির পাইলটকে 'বীর' অভিহিত করে তিনি জানান, "যেভাবেই হোক কোনো ইঞ্জিন ছাড়াই কোনোরকম গুরুতর আহত হওয়ার ঘটনা ছাড়াই পাইলট বিমানটি অবতরণ করাতে সক্ষম হয়েছেন।" ওদিকে, নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, "বিমানটিকে নদীতে অবতরণ করিয়ে দারুণ কুশলতা দেখিয়েছেন পাইলট। অবতরণের পর সবাই বিমানের বাইরে গেছেন কিনা তা পরীক্ষা করে দেখতে ঠাণ্ডা মাথায় দু'বার বিমানের ভেতরে হেঁটে বেড়িয়েছেন পাইলট।" বিমানটির ওই কুশলী পাইলটের নাম চেজলি সুলেনবার্গার ওরফে 'সুলি'। তিনি এয়ারফোর্সের ফাইটার জেটের একজন সাবেক পাইলট। ৪০ বছর ধরে আকাশে ওড়ার অভিজ্ঞতা সম্পন্ন সুলি ক্যালিফোর্নিয়ার ড্যানভিলের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২০৫ ঘ.