২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা নিয়ে আরবদের নীরবতার সমালোচনায় আহমাদিনেজাদ

গাজায় ইসরায়েলি হামলায় নীরব থাকার জন্য বৃহস্পতিবার আরবদের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এভাবে আরবরা ইসরায়েলি হামলায় সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

তেহরান, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি হামলায় নীরব থাকার জন্য বৃহস্পতিবার আরবদের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এভাবে আরবরা ইসরায়েলি হামলায় সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য আরব রাষ্ট্রগুলোতে অভিযুক্ত করে আসছে ইরান। কিন্তু সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর কাছে লেখা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ওই মন্তব্য অতীতের সব সমালোচনাকে ছাড়িয়ে গেছে। এতে তিনি লেখেন, "দু:র্ভাগ্যজনকভাবে আঞ্চলিক কিছু ইসলামিক ও আরব রাষ্ট্র যে কোনও কারণেই হোক সন্তুষ্টির হাসি নিয়ে নীরবে বিরল এই গণহত্যাকে সমর্থন করছে কিংবা সহ্য করছে।" আহমাদিনেজাদের এই চিঠিটি প্রেসিডেন্টের ওয়েবসাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ ডট প্রেসিডেন্ট ডট ইর) প্রকাশ করা হয়। সৌদি বাদশাহ উপসাগরীয় আরব নেতাদের সম্মেলন ডাকার একদিন পর চিঠিটি প্রকাশ করা হল। আহমাদিনেজাদ লেখেন, "প্রতিরোধহীন মানুষগুলোর অস্তিত্ব বিপন্ন হবে এবং তারা দখলদারদের নিপীড়নের কাছে আত্মসমর্পণ করবে বলেই আরবরা আশা করে আছে।" গাজা সংকটে নীরবতা ভেঙে নিজ অবস্থান জানান দেওয়ার জন্য আহমাদিনেজাদ সৌদি বাদশাহ আবদুল্লাহকে আহ্বান জানান। ইরান বরাবরই ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে আসছে এবং ইসরায়েল রাষ্ট্র বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে বলেও অতীতে মন্তব্য করেছেন আহমাদিনেজাদ। সৌদি বাদশাহের কাছে লেখা চিঠিতে তিনি আবারও একই অবস্থান তুলে ধরেন। আহমাদিনেজাদ লেখেন, "আল্লাহর সহায়তায়, গাজার জনগণের প্রতিরোধ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের বলে নি:সন্দেহে ইহুদি রাষ্ট্র ব্যর্থ হবে এবং পরিণামে এর পতন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ ঘ.