ওয়াশিংটন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গুয়ানতানামো কারাগারে আটক এক সৌদি নাগরিককে মার্কিন সৈন্যরা নির্যাতন করেছে বলে সিদ্ধান্তে পৌঁছেছেন বন্দিদের বিচারপ্রক্রিয়া তদারককারী খোদ বুশ প্রশাসনের এক কর্মকর্তা। ওয়াশিংটন পোস্ট পত্রিকা বুধবার এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের হামলায় যোগদানের পরিকল্পনার অভিযোগে সৌদি নাগরিক খাতানিকে গ্রেপ্তার করে গুয়ানতানামোয় রাখা হয়।
বন্দিদের বিচারপ্রক্রিয়া তদারক করতে পেন্টাগনের নিযুক্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারক সুসান ক্রফোর্ড বলেছেন, "আমরা খাতানির ওপর নির্যাতন চালিয়েছি।" পত্রিকাটির দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আইনে নির্যাতনের যে সংজ্ঞা, খাতানির ওপর সেটাই চালানো হয়েছে। আর এ কারণে তার কেসটি আমি বিচারের জন্য পাঠাইনি।"
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বরবরাই বলে আসছিলেন, যুক্তরাষ্ট্র বন্দিদের ওপর নির্যাতন চালায় না। কিন্তু তাদের প্রশাসনেরই শীর্ষ এক কর্মকর্তা গুয়ানতানামো বন্দিদের ওপর মার্কিন সেনাদের আচরণ তদন্ত করে নির্যাতন চালানোর বিষয়টি ফাঁস করে দিলেন।
ক্রফোর্ড ২০০৮সালে খাতানির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার বিষয়টি খারিজ করে দেন। তবে তাকে মুক্তি দেওয়া হয়নি। ক্রফোর্ড বলেছেন, এই সৌদি নাগরিকটি খুবই বিপজ্জনক। সেকারণে তিনি তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে ইতস্তত করছেন।
১১ সেপ্টেম্বর হামলাকারী দলের ২০তম সদস্য হওযার পরিকল্পনা ছিল এই অভিযোগে ২০০২ সালের জানুয়ারিতে আফগানিস্তানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৪ ঘ.
bdnews24