লন্ডন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কমপক্ষে ২২টি কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করতে একটি খসড়া আইনের পক্ষে মঙ্গলবার ভোট দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এমপিরা।
তবে ব্রিটিশ সরকার, রক্ষণশীলরা এবং ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন এর বিরোধিতা করেছে। তাদের দাবি এতে করে উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্যের দাম বেড়ে যাবে।
ইইউ'র সদস্য ২৭টি দেশ এখনো এখনো সরকারিভাবে এই নতুন আইন অনুমোদন করেনি।
ক্যান্সার হতে পারে এবং প্রজনন ক্ষমতা ও হরমোন ভারসাম্যের ক্ষতি হতে পারে এমন সব রাসায়ানিকের ব্যবহার নতুন এই খসড়া আইনে নিষিদ্ধ করা হয়েছে।
ব্রিটিশ কৃষকরা বলছে, নতুন আইন কার্যকর হলে ব্রিটেনে খাদ্য উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
নতুন খসড়া আইনে স্কুল, পার্ক এবং হাসপাতালের মতো জায়গার আশেপাশে কীটনাশকের ব্যবহার হয় নিষিদ্ধ অথবা কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে। এছাড়া এই আইনের ফলে বেপরোয়াভাবে কীটনাশক ছড়ানোও বন্ধ হবে।
এছাড়া কীটনাশকের হাত থেকে জলীয় পরিবেশ এবং পানীয় জলকে রক্ষার উদ্দেশ্যে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
ক্যান্সার ও প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে এমন কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে ইইউ'র এই খসড়া আইন সমর্থন করেছে দ্য সোয়েল অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের নীতি বিষয়ক পরিচালক পিটার ম্যালেশট বলেছেন, যে সব কৃষক প্রাকৃতিক উপায়ে চাষ করে তারা দেখিয়েছে, সামান্য মাত্রায় কীটনাশক ব্যবহার করেও ভাল উৎপাদন পাওয়া যায়।
তিনি বলেন, "বেশিরভাগ কৃষক ক্ষতিকর কীটনাশক নিয়মিত ব্যবহার করে না। তারপরও যারা তা করে তারা বিকল্প উপায় খুঁজে বের করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24