২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহযুদ্ধ কাটিয়ে ওঠা নেপালে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়

গৃহযুদ্ধ অবসানের মাত্র তিন বছরেরও কম সময়ে নেপালে পর্যটনের চিত্র বদলে গেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও পৃথিবীর অন্যতম পর্যটন তীর্থ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ দেশটির মনোরম পর্বত-উপত্যকাগুলোতে ভিড় জমাচ্ছেন রেকর্ড সংখ্যক পর্যটক। গত বছর নেপালে পর্যটকের সংখ্যা ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

কাঠমান্ডু, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গৃহযুদ্ধ অবসানের মাত্র তিন বছরেরও কম সময়ে নেপালে পর্যটনের চিত্র বদলে গেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও পৃথিবীর অন্যতম পর্যটন তীর্থ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ দেশটির মনোরম পর্বত-উপত্যকাগুলোতে ভিড় জমাচ্ছেন রেকর্ড সংখ্যক পর্যটক। গত বছর নেপালে পর্যটকের সংখ্যা ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ। রাজতন্ত্রের বিরুদ্ধে ১০ বছরের সশস্ত্র সংগ্রামে নেতৃত্বদানকারী মাওবাদী গেরিলারা নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দেশে পর্যটন শিল্পের বিকাশে উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করে। ২০০৬ সালে এক শান্তিচুক্তির মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের অবসান হয় এবং পরবর্তী নির্বচনে একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠন করে মাওবাদীরা। নেপালের উর্ধ্বতন এক পর্যটন কর্মকর্তা জানান, ২০১১ সালের মধ্যে দেশটিতে পর্যটকের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে সরকার। ২০০৭ সালে পর্যটন খাত থেকে ২৩০ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় করে নেপাল। যা দেশটির জিডিপি'র প্রায় ৪ শতাংশ। তবে এ অর্থের প্রায় পুরোটাই চলে যাচ্ছে পর্যটন সংস্থাগুলোর কাছে। যেসব অঞ্চলে পর্যটকরা ভ্রমণ করেন সেখানকার দরিদ্র জনগোষ্ঠী এর সুফল পাচ্ছেন না বলে উদ্বেগ রয়েছে সচেতন নাগরিকদের মধ্যে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নেপালে পর্যটকের ভিড় বাড়ছে ধারাবাহিকভাবে। ২০০৭ সালে দেশটিতে মোট ৫,২৬,০০০ পর্যটক সফর করে। পরবর্তী বছর অর্থাৎ ২০০৮ সালে এ সংখ্যা বেড়েছে প্রায় ৪ ভাগ। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, গত বছর পর্যটকদের ওই সংখ্যা ছিল ১৯৫৩ সালে স্যার এডমুন্ড হিলারি আর তেনজিং নরগেই শেরপার এভারেস্ট বিজয়ের পর থেকে সর্বোচ্চ। নেপাল ট্যুরিজম বোর্ড এর প্রধান প্রচণ্ড মান শ্রেষ্ঠা জানিয়েছে, ২০১১ সালকে "পর্যটন বর্ষ" ঘোষণা দিয়েছে সরকার। তারা আশা করছেন, ওই বছরে নেপালে পর্যটকের সংখ্যা হবে ১০ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ ঘ.