গাজা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - রোববারও গাজায় সকাল হয়েছে মৃত্যু, আগুন, বিমান আর কামানের গোলার ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে। সকালের প্রথম হামলাটিতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় এক নারীসহ তিন জন নিহত হয়েছে। বিমান ও স্থল হামলায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশত ফিলিস্তিনি। গাজার সবচে জনবহুল এলাকায় রোববার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে ১৪ জন ফিলিস্তিনি গেরিলা ও ১২ জন বেসামরিক নাগরিক। ইসরায়েলের লক্ষ্য পূরণ হওয়ার পথে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
এ নিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যার তৃতীয় সপ্তাহের শুরুতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৮৭৯ জনে, আহত কয়েক হাজার। ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের হিসাব অনুযায়ী, হতাহত ফিলিস্তিনিদের প্রায় অর্ধেকেই শিশু ও নারী। আর দুই তৃতীয়াংশই বেসামরিক লোক। অপরপক্ষে সামরিক-বেসামরিক মিলিয়ে নিহত হয়েছেন ১৩ জন ইসরায়েলি।
ঐুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে রোববার সবচে জনবহুল গাজা উপকণ্ঠে গণহত্যা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মন্ত্রিসভায় বলেছেন, "ইসরায়েল তাদের লক্ষ্য পূরণের কাছ্কাাছি চলে আসছে। তবে এখনও আরও বেশি ধৈর্য, দৃঢ়প্রতিজ্ঞা এবং প্রচেষ্টা দরকার।" তিনি হামলা অব্যাহত রাখারই ইঙ্গিত দেন।
রোববার রাস্তায় দুপক্ষের লড়াইয়ে ১০ গেরিলা নিহত এবং ইসরায়েলি বিমান হামলায় আরও ৩ গেরিলা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি ট্যাংকের গোলায় বেইত লাহিয়ার একটি বাড়িতে ৫ নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। গাজার উত্তরে একটি বাড়িতে বিমান হামলায় হামাসের পুলিশ বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত হয়েছে আরেক নারী।
সিরিয়ায় নির্বাসনে থাকা হামাস নেতা খালেদ মেশাল গাজায় ইসরায়েলের এ গণহত্যাকে "হলোকস্ট" বলে আখ্যায়িত করে বলেছেন, এর ফলে ইসরায়েলের সঙ্গে একটা বোঝাপড়ায় আসার সমস্ত সম্ভাবনার মৃত্যু ঘটল।
দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধের মধ্যে থাকা গাজা ছিটমহল বিদ্যুৎহীন হয়ে গেছে অনেকদিন ধরেই। এরওপর লাগাতার বিমান হামলায় পানি সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি বিধ্বস্ত। হাজার হাজার আহত মানুষসহ ১৫ লাখ গাজাবাসীর এখন বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য ও পানীয় জোগাড় করাটাও অসম্ভব। ইসরায়েলি বিমান ও স্থল হামলা থেকে রেহাই পাচ্ছে না আশ্রয়শিবিরগুলোও।
এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে সেখানে জরুরি ভিত্তিতে ব্যাপক আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার জন্য স্বেচ্ছাসেবী ও সাহায্য সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও যুদ্ধবিরতি না থাকায় ত্রাণ কার্যক্রম চালানো যাচ্ছে না।
এ পরিস্থিতিতেই রোববার ইসরায়েলি স্থলসেনারা দক্ষিণ গাজায় দুটি গ্রামে শেল নিক্ষেপ করে। এতে এক নারী নিহত হন এবং ১৫টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় প্রায় ৫০জন ফিলিস্তিনি অগ্নিদগ্ধ হয়েছেন কিংবা নাকে-মুখে বিষাক্ত গ্যাস ঢুকে পড়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা বলছেন, অগ্নিদগ্ধ ও গ্যাস সংক্রমণের ঘটনা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, ইসরায়েলিরা 'হোয়াইট ফসফরাস' ব্যবহার করছে।
ওদিকে, নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' ইসরায়েলের বিরুদ্ধে গাজায় নিক্ষিপ্ত বোমায় 'হোয়াইট ফসফরাস' ব্যবহারের অভিযোগ এনে বলেছে, এর কারণে ফিলিস্তিনের বেসামরিক লোকজন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে পড়তে পারে।
কিন্তু ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আন্তর্জাতিক আইন মেনেই তারা সব যুদ্ধাস্ত্র ব্যবহার করছেন। যুদ্ধাস্ত্রে 'হোয়াইট ফসফরাস' ব্যবহার বৈধ হলেও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং সেখানে এর প্রয়োগ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।
গাজায় দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালাতে থাকা ইসরায়েল স্থল হামলা শুরুর পর গাজাকে বাস্তবিক অর্থে কয়েকভাগে ভাগ করে সেখানকার বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। জরুরি ত্রাণ কিংবা চিকিৎসার প্রয়োজনেও এক স্থান থেকে অন্যত্র যেতে পারছেন না সেখানকার ফিলিস্তিনিরা।
এ অবস্থার মধ্যেই ইসরায়েল সেখানে তাদের হামলার 'তৃতীয় পর্যায়' শুরু করার ঘোষণা দিয়েছে। আকাশ থেকে ফেলা লিফলেট আর মোবাইল ফোরে 'মেসেজ' পাঠিয়ে গাজাবাসীদের বলা হচ্ছে 'হামাস' এর আস্তানা রয়েছে এমন জায়গাগুলো থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা প্রায় তিনদিকে ইসরায়েল আর একদিকে সমুদ্রে ঘেরা গাজা ছিটমহলের বাসিন্দাদের সরে যাওয়ার কোনো স্থান নেই।
ওদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব অমান্য করে ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে লাখ লাখ মানুষের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২০৪২ ঘ.
bdnews24