২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ প্রস্তাবনাকে 'অকার্যকর' বলে প্রত্যাখ্যান করেন। এর আগে প্রস্তাবনা পাসের কয়েক ঘন্টা পরই শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, "ইসরায়েল নিজ স্বার্থেই কাজ করে যাবে।" (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

জেরুজালেম, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ প্রস্তাবনাকে 'অকার্যকর' বলে প্রত্যাখ্যান করেন। এর আগে প্রস্তাবনা পাসের কয়েক ঘন্টা পরই শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, "ইসরায়েল নিজ স্বার্থেই কাজ করে যাবে।" এক বিবৃতিতে জিপি লিভনি বলেন, "ইসরায়েল তাদের নাগরিকদের নিরাপত্তা বিধান এবং প্রতিরক্ষার অধিকার নিশ্চিত করতে যা করা প্রয়োজন বলে মনে করেছে সে অনুযায়ীই ব্যবস্থা নিয়েছে, নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।" ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক চলাকালে ওলমার্টও অবিলম্বে যুদ্ধবিরতি করার জাতিসংঘ প্রস্তাবনা অকার্যকর বলে প্রত্যাখ্যান করেন। জাতিসংঘ প্রস্তাবনা উপেক্ষা করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো শুক্রবার গাজায় বোমা বর্ষণ করেছে। চলেছে ট্যাংকের গোলা হামলাও। হামাস গেরিলাদের বিরুদ্ধে দু'সপ্তাহব্যপী অভিযান আরও জোরদার করা হবে কিনা তা নিয়ে তর্ক-বিতর্ক করছে ইসরায়েলের মন্ত্রীরা। ইসরায়েলের বিমান বাহিনী গাজার অন্ততপক্ষে ৫০ টি টার্গেটে আঘাত হানার কথা জানিয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। গাজার অধিবাসীরাও ইসরায়েলি বোমা হামলার কথা জানিয়েছে। তারা জানায়, ট্যাংকের গোলার আঘাতে একই ফিলিস্তিনি পরিবারের ছয়জন নিহত হয়েছে। জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, এ সপ্তাহের শুরুতে ইসরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিরা শুক্রবারও ইসরায়েলে রকেট ছুড়েছে উল্লেখ করে ওলমার্ট বলেন, সেনারা অভিযান চালিয়ে যাবে। ওলমার্ট আরও বলেন, "শুক্রবারেও ফিলিস্তিনি রকেট হামলা হওয়ার মানে হচ্ছে জাতিসংঘের সিদ্ধান্ত অকার্যকর। এ সিদ্ধান্ত ঘাতক ফিলিস্তিনি সংগঠনগুলো মেনে চলবে না। ফলে ইসরায়েলি নাগরিকদেরকে রক্ষায় এবং অভিযানের উদ্দেশ্য সিদ্ধির জন্য ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে যাবে।" কয়েক দিন ধরে তীব্র তর্কবিতর্কের পর শুক্রবার নিরাপত্তা পরিষদ গাজায় "অবিলম্বে, স্থায়ী ও পরিপূর্ণভাবে মেনে চলার যুদ্ধবিরতি" প্রস্তাব পাস হয়। প্রস্তাবে একই সঙ্গে ইসরায়েলকে গাজা থেকে সরে যাওয়ার কথাও বলা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার সময় যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। ইসরায়েলি কর্মকর্তারা প্রস্তাবটির ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করে আসছিল। ইসরায়েলি সেনা কর্মকর্তারা স্থল অভিযান অব্যাহত রেখে গাজার আরও বেশি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। তবে গাজার হামাস শাসকরাও প্রস্তাবটি মেনে নিচ্ছে না। হামাসের এক মুখপাত্র বলেছেন, এটি প্রণয়নে তাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। যুক্তরাজ্যের খসড়া করা প্রস্তাবটিতে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার, অবাধে মানবিক সাহায্য সরবরাহ ও শান্তির জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ১৪ দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও স্থলপথে আক্রমণে ৭৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে ১৪ জন। যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার আগের রাতেও ইসরায়েলি বোমায় একই ফিলিস্তিনি পরিবারের কমপক্ষে ছয়জন নিহত হয়। হামাসের একটি সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বোমায় পাঁচতলা একটি আবাসিক ফ্ল্যাটভবন মাটির সঙ্গে মিশে গেছে। তবে নিরপেক্ষ সূত্রের মাধ্যমে খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১২২১ ঘ.