নয়াদিল্লি, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে এ বছরের নির্বাচনে ক্ষমতাসীন দল কংগ্রেস জিতলে দলের প্রধান সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি একথা বলেছেন। স্থানীয় 'মেইল টুডে' পত্রিকা প্রণবের উদ্ধৃতি দিয়ে শুক্রবার একথা জানিয়েছে।
কয়েকজন কংগ্রেস নেতা গত বছর প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীর নাম করলেও সমালোচকরা সে সময় এখনও আসেনি বলে মন্তব্য করেন। কিন্তু এ বছর মে মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার মাঝে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি আবারও সামনে চলে আসছে।
'মেইল টুডে' পত্রিকা প্রণব মুখার্জির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হতে আর খুব বেশি দেরী নেই। রাজীব গান্ধী ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী ছিলেন। তার ছেলেও একই পথ অনুসরণ করবেন।"
প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির ৮১ বছর বয়স্ক এল কে আদভানির তুলনায় বয়সে তরুণ রাহুল স্পষ্টতই বৈপরীত্য সৃষ্টি করবেন। তরুণ ভোটারদের মন জয়ে সক্ষম হবেন রাহুল।
কিন্তু রাহুলকে এ বছর সামনে নিয়ে আসা হবে কিনা--- রয়টার্সকে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন দলের মুখপাত্র আনন্দ শর্মা।
তিনি বলেন, "আমি জানি না সেটি কখন হবে। তিনি আমাদের দলের অন্যতম প্রচার তারকা এবং ভবিষ্যৎ নেতা। একদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24