ইসলামাবাদ, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শুক্রবার বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি খুবই নাজুক। একইসঙ্গে নভেম্বরে মুম্বাই হামলার পর ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া নিয়েও তিনি দু:খ প্রকাশ করেছেন।
মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় ধরা পড়া একমাত্র জঙ্গির পাকিস্তানি পরিচয় সরকার নিশ্চিত করার একদিন পর গিলানি সীমান্ত পরিস্থিতি নাজুক বলে মন্তব্য করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই মুম্বাই জঙ্গির পরিচয় নিশ্চিত করায় বৃহস্পতিবার বরখাস্ত হন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুররানি।
শুক্রবার ইসলামাবাদে এক সেমিনারে গিলানি বলেন, "আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি আরও একবার খুব নাজুক হয়ে পড়েছে।"
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ হামলার জন্য প্রথম থেকেই পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে আসছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ সপ্তাহে আরেক ধাপ এগিয়ে পাকিস্তানের সরকারি সংস্থাগুলোও ওই হামলায় জড়িত ছিল বলে অভিযোগ করেন।
কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং মনমোহন ওই অভিযোগ করার মধ্য দিয়ে উত্তেজনা বাড়াচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেছে। তবে মুম্বাইয়ে বেঁচে যাওয়া জঙ্গি পাকিস্তানি নাগরিক এ তথ্য পাকিস্তান নিশ্চিত করেছে।
শুক্রবার গিলানি বলেন, "বিশ্বের উচিত না ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে দেওয়া।" তিনি আরও বলেন, ভারতের ৪ বছর পুরোনো শান্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়াটা দু:খজনক।
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের আর্মড সর্ভিসেস কমিটির সিনেটর লিন্ডসি গ্রাহামের সঙ্গে বাইডেন পাকিস্তান সফরে গেছেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও অন্যান্য নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24