কলোম্বো, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাফনায় তামিল টাইগারদের কৌশলগত প্রবেশপথ এলিফ্যান্ট পাস দখল করেছে সেনারা। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে শুক্রবার একথা বলেছেন। এক সপ্তাহের মধ্যে এটি লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র জন্য ২য় বড় ধরনের পরাজয়।
টেলিভিশনে দেওয়া ভাষণে রাজাপাকসে বলেন, "আমাদের সেনারা আজ এলিফ্যান্ট পাস পুরোপুরি মুক্ত করেছে।"
তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি দখলের ঘোষণা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর এলিফ্যান্ট পাস দখল করে নেওয়ার এই ঘোষণা দিলেন রাজাপাকসে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য তামিল টাইগারদের কাউকে পাওয়া যায়নি।
এর আগে শ্রীলংকা সরকার সেনাদের এলিফ্যান্ট পাসে ঢুকে পড়া এবং তামিল টাইগারদের সঙ্গে তুমুল লড়াইয়ের খবর জানায়।
এলিফ্যান্ট পাস দখল হয়ে যাওয়ায় গোটা জাফনা সরকারের নিয়ন্ত্রণে চলে এল। ২০০০ সালের পর প্রথমবারের মতো এই অঞ্চলটি সরকারের হাতে এল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৩ ঘ.
bdnews24