কাবুল, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর তালেবান জঙ্গি বিরোধী অভিযানে নারী ও শিশুসহ ১৭ বেসামিরক আফগান নিহত হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে মার্কিন বাহিনী হামলায় কেবল জঙ্গিরাই নিহত হয়েছে বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের জঙ্গি বিরোধী অভিযানে বেসামরিক আফগান হতাহতের ঘটনায় আফগানিস্তানে বিদেশি বাহিনীর প্রতি সমর্থন কমছে।
আফগানিস্তানে সর্বশেষ বেসামরিক নাগরিক নিহতের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় ল্যাঘম্যান প্রদেশে। কারজাইয়ের প্রসাদ থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, কোয়ালিশন বাহিনীর অভিযান চলার সময় কয়েকটি খবরের ভিত্তিতে ল্যাঘম্যান প্রদেশে নিহত জঙ্গিদের মধ্যে নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বরে জানা গেছে।
আফগান সরকার বেসামরিক নাগরিক নিহতের এমন ঘটনা অবসানের ব্যাপারে তাদের অবস্থান বরাবরই স্পষ্ট করে জানিয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে মার্কিন বাহিনী বলেছে, অভিযানে এক নারীসহ ৩২ জঙ্গি নিহত হয়েছে। নিহতরা যে জঙ্গি একথা নিশ্চিত করে জানিয়েছে তারা। তবে এর মধ্যে কোনও বেসামরিক নাগরিক থেকে থাকলে তার জন্য দু:খও প্রকাশ করেছেন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল জেরি ও'হারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৫ ঘ.
bdnews24