কলোম্বো, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- শ্রীলংকার উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে তামিল টাইগার নিয়ন্ত্রিত পাল্লাই শহর দখল করেছে সেনারা। সেইসঙ্গে বিমান হামলা চালিয়ে টাইগারদের কয়েকটি নৌকা ধ্বংস করে দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী।
জাফনায় সেনারা উত্তর ও দক্ষিণ দুদিক থেকে টাইগারদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "বৃহস্পতিবার সেনারা পাল্লাই শহর দখল করে নিয়েছে এবং আগের দিনের অবস্থান থেকে সামনে এগুচ্ছে। এলিফ্যান্ট পাসের কাছাকাছি চলে আসছে তারা।" তিনি বলেন, "লড়াইক্ষেত্র আছে আর মাত্র কয়েকটি। গেরিলারা সরে যাচ্ছে।"
এলিফ্যান্ট পাসের ৮ কিলোমিটার উত্তরে পাল্লাইয়ের অবস্থান। দুই ডিভিশন সেনা এ শহরে হামলা চালিয়েছে। হামলায় এ পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খুব শিগগিরি উত্তরাঞ্চল পুরো দখলে চলে আসবে বলেই মনে করছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালের দিকে বিমান হামলা চালিয়ে এলিফ্যান্ট পাসের পূর্বে টাইগারদের দুটো বড় নৌকা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জনাকা নানায়াক্কারা।
অন্যদিকে, শ্রীলংকায় গণমাধ্যমের ওপর হামলার সর্বশেষ ঘটনায় মটরসাইকেল আরোহী এক বন্দুকধারী সরকারের সমালোচক একটি পত্রিকার সম্পাদককে গুলি করেছে। এতে ওই সম্পাদক গুরুতর আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৪ ঘ.
bdnews24