জেরুজালেম, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা নগরীর কাছে দিনে তিনঘন্টা হামলা বন্ধ রাখার পরিকল্পনা করেছে ইসরায়েল। গাজায় মানবিক সাহায্য সরবরাহ করতে দেওয়ার জন্য ইসরায়েল এ পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি সূত্র বুধবার একথা জানিয়েছে।
ওই সূত্র জানায়, "গাজা নগরী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অস্ত্র চালনা বন্ধ রাখবে। আর তা শুরু হচ্ছে আজই।"
ওদিকে, গাজার ফিলিস্তিনি কর্মকর্তারাও বলেছেন, তাদেরকে বলা হয়েছে ইসরায়েল ওই সময়ে হামলা বন্ধ রাখবে। যাতে দোকানপাট খুলতে পারে এবং মৃতদেহ সৎকারের জন্য যথাস্থানে নেওয়া যায়।
প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় এর আগে বলেছে, ইসরায়েলের সেনাপ্রধানরা একটি মানবিক সাহায্য সরবরাহ করিডোর খোলার সুপারিশ করেছে। এতে করে বিভিন্ন এলাকায় সাহায্য সরবরাহ সম্ভব হবে এবং ফিলিস্তিনিরা সাহায্য মজুদ রাখতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৯ ঘ.
bdnews24