বেইজিং, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিম্নগামী অর্থনীতি এবং বেকারত্বের হার বৃদ্ধির কারণে নতুন বছর ২০০৯ সালে চীনে আরও বেশি দাঙ্গা বিক্ষোভ এবং কমিউনিস্ট পার্টির শাসনে বিপত্তির হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রপরিচালিত আউটলুক ম্যাগাজিন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার ইস্যুকৃত এ সপ্তাহের আউটলুক ম্যাগাজিনের বিরল এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নহার লাখ লাখ অভিবাসী কর্মী এবং কর্মহীনদের ক্ষোভ বাড়াবে। ফলে চীন নি:সন্দেহে খারাপ সময়ে পদার্পন করছে বলে মন্তব্য করেছে ম্যাগাজিনটি।
ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে চীনা সমাজ আরও বেশি সংঘাত-সংঘর্ষের মুখে পড়বে। এর মধ্য দিয়েই সর্বস্তরে ক্ষমতাসীন দল ও পার্টির শাসনে দক্ষতার পরীক্ষা হয়ে যাবে।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ঐক্যবদ্ধ চীনা সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। কিন্তু ইতোমধ্যেই লোকজনের আয় ও কর্মসংস্থান কমে গিয়ে চীনে উত্তেজনা বাড়ছে। সেইসঙ্গে দুর্নীতি ও জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিন থেকেই পুঞ্জীভূত হচ্ছে জনরোষ। এ পরিস্থিতিতে পরীক্ষার মুখে পড়েছে জিনতাওয়ের অঙ্গীকার।
এ বছর চীনা সমাজের জন্য সবচে বড় হুমকি হয়ে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্রছাত্রীরা। চাকরির বাজার সংকুচিত হয়ে আসা এবং আয় কমে যাওয়ার কারণে তরুণ সমাজের বিক্ষোভের মুখে পড়বে চীন। অন্যদিকে, চাকরি হারানো অভিবাসী শ্রমিকদের ক্ষোভও চীনের জন্য আরেকটি হুমকি।
কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া, সামাজিক নিরাপত্তা বিধানে জটিলতার কারণে চীনে ইতোমধ্যেই বিক্ষোভ বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ ঘ.
bdnews24