নয়াদিল্লি, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশা করছেন, জঙ্গিবাদ দমনের প্রয়োজনীয়তা পাকিস্তানিরা উপলব্ধি করবে। তিনি ইসলামাবাদের প্রতি মুম্বাই হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারীদের নয়াদিল্লির কাছে হস্তান্তরের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।
মনমোহন সিং শনিবার সিলংয়ে সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসবাদের মূলোৎপাটনে আমরা বদ্ধপরিকর। আন্তরিকভাবে আশা করি, পাকিস্তানেও জঙ্গিবাদ দমনের চেতনার বিকাশ ঘটবে।"
গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৭৯ জন নিহত হয়। নয়াদিল্লি বলেছে, জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকেই যে ওই হামলা চালিয়েছে তার তথ্যপ্রমাণ বার বার ইসলামাবাদকে দেওয়া হয়েছে। তবে তথ্যপ্রমাণ বিশ্বাসযোগ্য নয়-এই যুক্তি দেখিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, " সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সব সভ্যসমাজ থেকে যে দাবি উঠেছে, পাকিস্তানের নেতৃত্ব তা উপলব্ধি করবে।"
"মুম্বাই হামলার জন্য দায়ীদের আমাদের দেশেই বিচারের জন্য হস্তান্তর করা হবে বলেও আশা করছি।"
আগের দিন শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, মুম্বাই হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের দমন অভিযান এখনো আশানুরূপ নয়। তা সত্ত্বেও পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করেনি ভারত।
মুম্বাইয়ে হামলার পর পাকিস্তান অভিযান চালিয়ে বেশ কয়েকজন জঙ্গি নেতাকে আটক করে। এসব নেতার কয়েকজনই ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছে। তবে নয়াদিল্লির বলেছে, এটি যথেষ্ট নয়। পাকিস্তানকে আরও বেশিকিছু করতে হবে।
এ নিয়ে দুদেশের মধ্যে বাগযুদ্ধ ও হুমকি-ধামকি শুরু হয়। পাকিস্তান সেনাদের ছুটি বাতিল করে এবং 'আত্মরক্ষার পদক্ষেপ' হিসেবে আফগান সীমান্ত থেকে 'সীমিত সংখ্যক সেনা সরিয়ে আনে। একইসঙ্গে নয়াদিল্লির প্রতি সেনাদের যুদ্ধকালীন প্রস্তুতি এবং পাকিস্তানের কাছাকাছি বিমানঘাঁটিগুলোতে তৎপরতা বন্ধের আহ্বান জানায়।
তবে ভারত বলেছে, যুদ্ধকালীন সেনা মোতায়েন জাতীয় কিছু করা হচ্ছে না।
অ্যান্টনি বলেন, "আমাদের পক্ষে কোনধরনের অস্বাভাবিক সেনা চলাচল নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৯ ঘ.
bdnews24