ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের জন্য ৭০০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পরিকল্পনা বিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাবে-- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার একথা বলেছেন। তিনি বলেন, এই পরিকল্পনা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়কর হতে পারে।
এক লিখিত বিবৃতিতে বুশ বলেন, পরিকল্পনাটি বিশ্ব বাজারে একটি শক্তিশালী ইতিবাচক সংকেত পাঠিয়েছে যে, নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র তৎপর। তিনি বিলটি কংগ্রেস ও সিনেটে দ্রুত অনুমোদন লাভের আশা প্রকাশ করেন।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে 'বিল'টি (আর্থিক সহায়তা পরিকল্পনা) নিয়ে বিতর্ক শুরুর জন্য প্রাথমিক ভোট হয়েছে। আগামী বুধবার বিলটি সিনেটে উঠতে পারে।
নতুন এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্র সরকার আর্থিক সংস্থাগুলো থেকে 'তারল্যহীন সম্পদ' কেনা এবং বিক্রির আগ পর্যন্ত এই সম্পদ ধরে রাখার ক্ষমতা পাবে। থমকে থাকা বিশ্ব ঋণ বাজারকে সচল করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনটি অনুমোদিত হলে, আর্থিক সহায়তা পরিকল্পনা বাস্তবায়নে বন্ধকী প্রতিষ্ঠানগুলোকে কেনার জন্য সরকার তাৎক্ষণিকভাবে আড়াই হাজার কোটি ডলার পাবে এবং বাকি ৪৫ হাজার কোটি ডলার পরবর্তী প্রয়োজনের জন্য প্রস্তুত রাখা হবে।
প্রতিনিধি পরিষদে (সোমবার) আইনটি পাসের পর তা সিনেটে যাবে এবং সেখানে তা অনুমোদন পেলে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য বিলটি তার দপ্তরে পাঠানো হবে।
বুশ জানান, তিনি বুঝতে পারছেন, আসন্ন ৪ নভেম্বরের নির্বাচন সামনে রেখে কংগ্রেস ও সিনেট সদস্যদের জন্য এই বিলে ভোট দেওয়া কঠিন হবে। বিশেষ করে যখন গোঁড়া রিপাবলিকানরাও সরকারের বাজার নীতি নিয়ে সন্তুষ্ট নয়।
তিনি বলেন, "এর পক্ষে ভোট দেওয়া কঠিন। কিন্তু আইনটি পাস করার মাধ্যমে দেশের অর্থনীতিকে খারাপ অবস্থা থেকে বের করে আনতে কংগ্রেস বিলটি পাস করবে বলে আমি আশাবাদী।"
বুশ বলেন, ব্যবস্থাপনাগত ভগ্নদশা থেকে দেশের অর্থনীতিকে রক্ষায় আইনটি সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা দেবে। ব্যবসায়িক প্রয়োজনে ব্যবসায়ীদের কেনাকাটার জন্য ও দৈনন্দিন চাহিদা মেটাতে আমেরিকান পরিবারগুলোর জন্য ঋণ প্রাপ্তির সুযোগ করে দেবে এ আইন।
কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা মূল প্রস্তাবের সঙ্গে অনেকগুলো নিরাপত্তা শর্ত জুড়ে দিয়েছে। সোমবার এশিয়ার অর্থ বাজার শুরু হওয়ার আগেই আইনটি চূড়ান্ত করার জন্য কাজ করছে প্রশাসনিক কর্মকর্তারা ও হাউজ অব কংগ্রেস নেতারা।
এদিকে, আর্থিক সহায়তার বিশাল অঙ্কের ব্যাপারে রিপাবলিকান সদস্যদের দুশ্চিন্তার জবাবে হোয়াইট হাউজের বাজেট কার্যালয়ের প্রধান জিম নাসেল রিপাবলিকান নেতা জন বোয়েনারকে চিঠিতে জানান, ৭০০ বিলিয়ন ডলার বড় অঙ্ক। সমস্যা কাটিয়ে উঠতে এত বেশি অর্থের প্রয়োজন হবে না। কিন্তু আমাদের বর্তমান অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে আমাদের এই বিপুল পরিমাণ আর্থিক সহায়তার প্রতিশ্র"তি প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/২০২০ ঘ.
bdnews24